সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামে এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আমিনীর বয়স ৪৫ বছর।
আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “দেবহাটা সার্কেল, কালীগঞ্জ থানা, দেবহাটা থানা ও এসআরবি-৬-এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে আমিনীকে গ্রেপ্তার করেন।”
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দেবহাটায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে (৩৮) পিটিয়ে হত্যা করা হয়। নিহত শামীম ছিলেন দেবহাটার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমানের ছেলে।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর শামীমের বড় ভাই আবদুল জলিল বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করে আরও ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে ওই মামলায়।
মামলা দায়েরের পর থেকেই পুলিশ আসামিদের ধরতে তৎপরতা শুরু করে। এর আগে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ ও ৬ নম্বর আসামি মোক্তার হোসেন খান (৫৩) ও আসাদুল ইসলাম মোল্যাকে (৪৬) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।