সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে কালিগঞ্জ এলাকা থেকে পুলিশের এক যৌথ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন মুক্তকণ্ঠকে জানান, এই গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, “দেবহাটা সার্কেল, কালীগঞ্জ থানা ও দেবহাটা থানা এবং এসআরবি-৬ এর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।”

ঘটনার সূত্র ধরে জানা যায়, গত ১৩ অক্টোবর দেবহাটায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) গণপিটুনির শিকার হন এবং পরবর্তীতে তিনি মারা যান। নিহত শামীম ওই উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে বলে জানা গেছে।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের ভাই আব্দুল জলিল বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় ১০ জনের নাম নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে পারুলিয়ার বাসিন্দা ফজলুল হক আমিনীকে প্রধান আসামি হিসেবে করা হয়। উল্লেখ্য যে, মামলা দায়ের করার পর পুলিশি তৎপরতায় ইতিপূর্বে এজাহারনামীয় ৫ম ও ৬ষ্ঠ আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।