সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার সুবর্ণাবাদ ও নাজিরের ঘের এলাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের মৃত মাহতাব উদ্দিন খানের ছেলে মোক্তার হোসেন খান (৫৩) এবং নাজিরের ঘের গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে আসাদুল ইসলাম মোল্যা (৪৬)।

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সুবর্ণাবাদ এলাকা থেকে মোক্তার হোসেন খানকে গ্রেপ্তার করে। পরে একই দিন ভোর ৫টা ১০ মিনিটে আসাদুল ইসলাম মোল্যাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শুক্রবারই তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৩ অক্টোবর সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় তার ভাই আব্দুল জলিল সানা দেবহাটা থানায় এজাহার দিয়েছেন। এতে মামলার ঘটনার নেতৃত্বে থাকা ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করা হয় অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করার অভিযোগ করা হয়েছে।

নিহতের ভাই আব্দুল জলিল সানা জানান, ধর্ম অবমাননার অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যার ঘটনায় সঠিক তদন্ত পূর্বক আসামিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করেছেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ঘটনার শুরু থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়ার পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।