বিনায়ক দামোদর সাভারকরের জীবন ও আদর্শকে ‘বিকৃতভাবে’ উপস্থাপন করার অভিযোগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশটি পাঠিয়েছেন বিনায়ক দামোদর সাভারকরের ছোট ভাই নারায়ণ দামোদর সাভারকরের নাতি সাত্যকি সাভারকর।

হিন্দুত্ববাদী মতাদর্শের প্রবক্তা সাভারকরের বিরুদ্ধে সোনিয়া তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়েছে। আইনি নোটিশে দাবি করা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে কংগ্রেসনেত্রীকে তাঁর লেখার ওই নির্দিষ্ট অংশগুলো সংশোধন করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায়, তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

সাত্যকি সাভারকরের পক্ষে তাঁর আইনজীবী সংগ্রাম কোলহতকর এই নোটিশটি পাঠিয়ে জানিয়েছেন, ‘বিলংগিং’ বইটির ২০১ এবং ৪৪৩ পৃষ্ঠায় সোনিয়া গান্ধী সাভারকর সম্পর্কে কিছু ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন। তিনি আরও উল্লেখ করেন, ওইসব মন্তব্য ‘তথ্যগতভাবে ভুল, ঐতিহাসিক দিক থেকে বিভ্রান্তিকর, মানহানিকর এবং বীর সাভারকরের ভাবমূর্তি ও উত্তরাধিকারীদের পক্ষে ক্ষতিকর’। তাই সোনিয়া গান্ধীর উচিত ওই মন্তব্যগুলো সংশোধন করা এবং ক্ষমা চাওয়া, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশে সোনিয়া গান্ধীকে আরও বলা হয়েছে যে, যদি তাঁর করা মন্তব্যের সপক্ষে কোনো তথ্যপ্রমাণ থাকে, তবে তিনি তা দাখিল করতে পারেন।

এর আগে সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে আলাপকালে সাত্যকি সাভারকর জানিয়েছিলেন, বইটিতে বীর সাভারকর সম্পর্কে লেখা কয়েকটি পৃষ্ঠা তিনি পড়েছেন। সেখানে কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই মন্তব্যসহ কিছু বাক্য লেখা হয়েছে। কর্নাটক সফরকালীন সময়ে এএনআই-কে তিনি জানান, তিনি পুরো বইটি পড়েননি, তবে বীর সাভারকর সম্পর্কে করা কিছু মন্তব্য পড়েছেন। তাঁর দাবি, সোনিয়া তাঁর মন্তব্যের সমর্থনে কোনো সূত্রের উপস্থাপনা করেননি। তবে সাত্যকি আরও স্পষ্ট করেন যে, এই মুহূর্তে তিনি পুরো বইটির ওপর কোনো রকম নিষেধাজ্ঞার দাবি করছেন না।

বইটিতে সোনিয়া গান্ধী ঠিক কী লিখেছেন? ‘বিলংগিং’-এর ২০১ পৃষ্ঠায় যেখানে তিনি বীর সাভারকর সম্পর্কে কথা বলেছেন, সেই অধ্যায়ে সোনিয়া জরুরি অবস্থা জারির সময়কার ইন্দিরা গান্ধীর মানসিক অবস্থার বর্ণনা দিয়েছেন।

সেই প্রসঙ্গে সোনিয়া লিখেছেন, “আরএসএস নিয়ে তাঁর (ইন্দিরার) বিদ্বেষ ও বিতৃষ্ণার জন্ম স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই। ব্রিটিশদের হাতে কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা যখন নির্যাতিত হচ্ছেন, বন্দী জীবন কাটাচ্ছেন, বিনায়ক দামোদর সাভারকরের মতো আরএসএসের প্রবীণ প্রবক্তারা তখন তাঁদের ঔপনিবেশিক প্রভুদের কাছে ক্ষমা প্রার্থনা করে আবেদনপত্র পাঠাচ্ছেন এবং তাঁদের সমর্থকেরা তখন ব্রিটিশ কর্তৃপক্ষের হয়ে চরবৃত্তি করছেন।”

সোনিয়া আরও লিখেছেন, “হিন্দু রাষ্ট্র গঠনের পথে কংগ্রেসকে আরএসএস সব সময় বাধা হিসেবে দেখে এসেছে। সেই রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীরা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে গণ্য হবেন। তাদের প্রধান প্রবক্তারা নিজেদের লেখা ও ভাষণে হিটলারের গুণগান গাইতেন। সংখ্যালঘুদের সম্পর্কে হিটলারের নীতির প্রশংসা করতেন। কংগ্রেস সব সময় মনে করে এসেছে, কখনো ক্ষমতায় এলে ওদের বিভেদকামী, নিপীড়ন ও কর্তৃত্ববাদী আদর্শ দেশের একতাকে বিনষ্ট করে দেবে। তাদের তিনি (ইন্দিরা) ফ্যাসিবাদী শক্তি মনে করতেন। ভাষণে, জনসভায়, সম্মেলনে বারবার ওদের বিষয়ে সবাইকে সতর্ক করে দিতেন।”

বইটির ৪৪৩ পৃষ্ঠাতেও আরএসএসের হিন্দুত্ববাদী চরিত্র নিয়ে আলোচনা করেছেন সোনিয়া। সেখানে তিনি লিখেছেন, “একটা বিপরীত মতবাদ হলো ভারত প্রধানত এমন এক রাষ্ট্র, যেখানে হিন্দুরাই সুপ্রিম বা সর্বেসর্বা। এই মতবাদ ছিল গান্ধীজিরই সমসাময়িক বিনায়ক দামোদর সাভারকরের। সেই মতবাদ আরএসএস, বিজেপি ও সারা দেশে ছড়িয়ে থাকা তাদের অগুনতি শাখা সংগঠন সমর্থন করে এসেছে। তারা ‘সংঘ পরিবার’ বা ‘আরএসএসের পরিবার’ বলে পরিচিত।”

সোনিয়া আরও লিখেছেন, “সেই আদর্শ সংবিধান ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। কারণ, তারা মনে করে ওসব হিন্দু সভ্যতার বিরুদ্ধে। তারা রক্ষণশীল আদর্শ ও পুরুষতান্ত্রিকতায় বিশ্বাসী, যা শতকের পর শতক ধরে চলে এসেছে। তারা ক্ষমতা ও সম্পদের কেন্দ্রীকরণে বিশ্বাসী। গত চার দশকে তারা বৃহৎ ব্যবসায়ীদের অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন পেয়েছে। তাদের অর্থনৈতিক স্বার্থও অভিন্ন। বিজেপির বর্তমান নেতৃত্বও সেই আদর্শ মেনে চলেছে।”

সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ দেওয়ার বিষয়ে দুপুর পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাভারকরকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এর আগে সাভারকর সম্পর্কে রাহুল গান্ধীর করা মন্তব্য ঘিরে মহারাষ্ট্রে ‘ইন্ডিয়া’ জোটের শরিক উদ্ধব ঠাকরের শিব সেনা ও কংগ্রেসের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল।