ভারতের বিরোধী দল কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী তাঁর জীবনের এক অত্যন্ত ব্যক্তিগত ও বেদনাদায়ক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। অনেকেরই অজানা যে, রাহুল গান্ধীর জন্মের আগে সোনিয়া আরও এক পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন, যে শিশুটি জন্মের মাত্র একদিন পরেই পৃথিবী ছেড়ে চলে যায়। সম্প্রতি তাঁর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ এই করুণ কাহিনি বর্ণনা করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘অনেকেই আমাদের কথা লিখেছে, এবার আমি আমাদের কাহিনি শোনাব।’
স্মৃতিচারণে সোনিয়া জানান, ১৯৬৮ সালের ১৩ জানুয়ারি রাজীব গান্ধীকে বিয়ে করতে তিনি দিল্লি পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজীব, তাঁর ভাই সঞ্জয় গান্ধী এবং বন্ধু অমিতাভ বচ্চন। সেখান থেকে সোনিয়াকে নিয়ে যাওয়া হয় ১৩, উইলিংডন ক্রেসেন্টের একটি বাংলোয়, যা ছিল বচ্চন পরিবারের আবাস। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সুপারিশে ১৯৬৬ সালে রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন কবি হরিবনশরাই বচ্চনকে রাজ্যসভার সদস্য মনোনীত করেছিলেন এবং তাঁর জন্যই ওই সরকারি আবাসনটি বরাদ্দ করা হয়েছিল।
ইন্দিরা গান্ধী চেয়েছিলেন বিয়ের আগে হবু পুত্রবধূ তাঁর বাড়িতে না থেকে আলাদা জায়গায় থাকুন, তবে তিনি সোনিয়াকে কোনো হোটেলে রাখতেও রাজি ছিলেন না। ফলে নেহরুর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং রাজীবের বাল্যবন্ধু অমিতাভ বচ্চনের বাবার বাড়িতেই সোনিয়ার থাকার ব্যবস্থা করা হয়। এরপর ১৯৬৮ সালের ২৫ ফেব্রুয়ারি রাজীব ও সোনিয়ার বিয়ে সম্পন্ন হয়। পরের বছর ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি সোনিয়া এক পুত্রসন্তানের জন্ম দেন।
হবু নাতিনাতনির আগমনে ইন্দিরা গান্ধীর আনন্দের শেষ ছিল না। তিনি পরিচিত একজনকে চিঠিতে লিখেছিলেন সবচেয়ে নরম মসলিন কাপড় খুঁজে রাখতে। এমনকি দরজিকেও নির্দেশ দেওয়া হয়েছিল কীভাবে পাঁচ পরত মসলিন দিয়ে শিশুর ন্যাপি তৈরি করতে হবে। পাশাপাশি শিশুর নামের খোঁজও চলছিল। সোনিয়ার স্বাস্থ্যের বিষয়েও অত্যন্ত সতর্ক ছিলেন ইন্দিরা। প্রতিদিন গ্লাসভর্তি দুধ, সপ্তাহে তিন দিন পালংশাক এবং নিয়মিত ব্যায়াম ও হাঁটার কথা বলা হতো। যদিও সোনিয়া পালংশাক পছন্দ করতেন না এবং প্রতিবার তা খাওয়ার সময় জল খেতেন। দুধের সাথে কফি মিশিয়ে নিতেন তিনি। দেশের খাবারের জন্য তাঁর মন কাঁদত, বিশেষ করে কালোজাম ও ফলসার কথা খুব মনে পড়ত তাঁর।
গর্ভাবস্থার সপ্তম মাস পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকলেও হঠাৎ একদিন পেটে হালকা ব্যথা অনুভব করেন সোনিয়া। চিকিৎসকের পরামর্শে বিশ্রাম নিলেও ব্যথার তীব্রতা বাড়তে থাকে এবং পরের দিন সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। তাঁর আত্মকথায় হাসপাতালের নাম উল্লেখ করা হয়নি। ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। শিশুকে ইনকিউবেটরে রাখার সময় সোনিয়া তাঁর প্রথম কান্না শুনতে পান। পরে স্বামী রাজীবের সাথে তিনি ছেলেকে দেখতে যান।
সেই মুহূর্তের স্মৃতি বর্ণনা করে সোনিয়া লিখেছেন, ‘এইটুকুন শিশু, মাথাভর্তি ঘন কালো চুল, আঙুলগুলো সরু ও লম্বা। রাজীব আমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে ছিল। আমরা দুজনে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে ছিলাম।’ তবে চিকিৎসকদের মুখে হাসি ছিল না। তাঁরা জানিয়েছিলেন যে শিশুটির বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। পরদিন ভোর সাড়ে ছয়টায় শিশুটি মারা যায়। রাজীবই সোনিয়াকে এই দুঃসংবাদটি জানান। সোনিয়া বিশ্বাস করতে পারছিলেন না কেন এমনটি হলো এবং সেদিন স্বামী-স্ত্রী দুজনে একে অপরকে জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ কেঁদেছিলেন।
খবর পেয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর সফর সংক্ষিপ্ত করে রাত সাড়ে ১১টার দিকেই দিল্লি ফিরে আসেন। সোনিয়া লক্ষ্য করেন ইন্দিরার চোখ লাল ও ফোলা হয়ে আছে। দীর্ঘক্ষণ তাঁরা একে অপরকে জড়িয়ে ধরে শোক ভাগ করে নেন। পরদিন ভোরেই ইন্দিরাকে পুনরায় সফরে যেতে হয়। সঞ্জয় গান্ধীও হাসপাতালে এসেছিলেন। সোনিয়া অড়হর ডাল খুব পছন্দ করতেন, তাই সঞ্জয় খেত থেকে এক গোছা সবুজ অড়হর ডালের গাছ নিয়ে এসেছিলেন এবং মজার কথা ও ধাঁধাঁ শুনিয়ে ভাবির মন ভালো করার চেষ্টা করেছিলেন।
মৃত শিশুর সৎকার নিয়ে পরিবারের মধ্যে আলোচনা হয়। সোনিয়া লিখেছেন, পরিবারের সবাই চেয়েছিলেন রীতি অনুযায়ী নবজাতকের মরদেহ নদীতে ভাসিয়ে দিতে। কিন্তু তিনি এতে আপত্তি জানান। ওখলা ব্যারাজে যমুনায় ভেসে আসা একটি মরদেহের দৃশ্য তাঁর মনে বারবার ভেসে উঠছিল। রাজীব ও সোনিয়া সিদ্ধান্ত নেন যে তাঁরা দুজনেই মিলে সৎকার পদ্ধতি ঠিক করবেন এবং সঞ্জয়ও সেই সিদ্ধান্তে একমত হন।
অবশেষে দক্ষিণ দিল্লির মেহেরৌলিতে গান্ধী পরিবারের খামারবাড়ির পাশে একটি কুয়োর কাছে শিশুটিকে মাটি চাপা দেওয়া হয়। নেহরুর পুরোনো অ্যাম্বাসাডরে চেপে তাঁরা প্রতি রবিবার সেখানে যেতেন। খামারবাড়ির চারপাশের বোগেনভিলার ঝাড়ের মাটিতে সোনিয়ারা যখনই যেতেন, ফুল রাখতেন।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর দীর্ঘ সময় শোক কাটিয়ে উঠতে হয়েছিল সোনিয়াকে। তবে সেই শোকের সময়েই তাঁকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়। বিরোধী মতাদর্শের একটি পত্রিকায় সোনিয়ার মৃত সন্তানের জন্মপরিচয় নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ লেখা প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয় যে, ইন্দিরা গান্ধী এক ‘জারজ সন্তানের দাদি হওয়ার’ প্রচেষ্টায় ব্যর্থ হয়েছেন। এই লেখাটি পড়ে সোনিয়া কান্নায় ভেঙে পড়েন এবং তাঁর স্বামীকে দেখান। এমন নিষ্ঠুর মন্তব্য তাঁর মানসিক কষ্ট আরও বাড়িয়ে দিয়েছিল। তবে রাজীব তাঁকে সান্ত্বনা দিয়ে বুঝিয়েছিলেন যে, তাঁদের পরিবারকে কালিমালিপ্ত করতে প্রায়ই এমন কুৎসা ছড়ানো হয় এবং এসব উপেক্ষা করেই সামনে এগিয়ে যেতে হবে।