দুটি বিশেষ দিন বা তারিখ সোনিয়া গান্ধী কখনোই ভুলতে পারেন না। একটি দিন ছিল সেই মুহূর্ত, যখন তিনি প্রবল বায়না ধরেছিলেন ‘হিরো’কে দেখবেন বলে এবং তাঁর সঙ্গে পরিচিত হবেন বলে। মনে অনেক দ্বিধা ও দ্বন্দ্ব থাকলেও সব কাটিয়ে তিনি হাজির হয়েছিলেন সেই নায়ক-দর্শনে। আর অন্য দিনটি ছিল তাঁর জীবনের এক অনন্য প্রাপ্তি, যখন তাঁর কোল আলো করে এসেছিল কন্যা প্রিয়াঙ্কা। আশ্চর্যের বিষয় হলো, এই দুই ঘটনার ব্যবধান ছিল মাত্র দুটি দিন।

তাঁর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ বর্ণিত সেই ‘হিরো’, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এবং তাঁর শাশুড়ি ইন্দিরা গান্ধীর সাহস ও শৌর্য এবং সেই সময়ের ঘটনাবলি সোনিয়া নিজের ভাষায় লিপিবদ্ধ করেছেন। তিনি লিখেছেন, “স্বস্তি ও আনন্দ যখন দেশজুড়ে বয়ে যাচ্ছে, শাশুড়িমা তখন জানালেন শেখ মুজিবুর রহমান মুক্তি পেয়েছেন। লন্ডন চলে গেছেন। কিন্তু তার চেয়েও আরও উত্তেজক ছিল যখন শুনলাম, তাঁর নতুন দেশে ফেরার আগে তিনি কিছু সময়ের জন্য দিল্লি আসবেন।”

সেই ঐতিহাসিক দিনটি ছিল ১৯৭২ সালের ১০ জানুয়ারি। আর তার ঠিক দুদিন পর, ১২ জানুয়ারি ১৯৭২ সালে সোনিয়ার কোল আলো করে আসে তাঁর কন্যা প্রিয়াঙ্কা।

তবে ১৯৭২ সালের শুরুটা ছিল চরম দুশ্চিন্তা ও উদ্বেগের। সেই সময়ের বর্ণনা দিয়ে সোনিয়া লিখেছেন, “ভারত ও তার প্রতিবেশী দেশে ঘন কালো মেঘ ছাইছিল। ১৯৭১ সালের জানুয়ারি মাসে দুই কাশ্মীরি জঙ্গি ইন্ডিয়ান এয়ারলাইনসের একটি ফকার এফ২৭ প্যাসেঞ্জার বিমান হাইজ্যাক করে লাহোরে নিয়ে যায়। যাত্রী ও ক্রুদের মুক্তি দিলেও জঙ্গিরা বিমানবন্দরেই উড়োজাহাজটি ধ্বংস করে দেয়। সেই জঙ্গিরা পাকিস্তানে সংবর্ধিত হয়েছিল। পাল্টা ব্যবস্থায় পাকিস্তানি উড়োজাহাজের জন্য ভারত তার আকাশপথ বন্ধ করে দেয়।”

বিমান ছিনতাইয়ের এই ঘটনা গান্ধী পরিবারের জন্য এক বড় ঝুঁকি তৈরি করেছিল। বিশেষ করে উদ্বেগের কারণ ছিলেন ইন্দিরার বড় পুত্র ও সোনিয়ার স্বামী রাজীব। গোয়েন্দারা ইন্দিরা গান্ধীকে সতর্ক করে জানিয়েছিলেন যে, রাজীব ইন্ডিয়ান এয়ারলাইনসের পাইলট হওয়ায় তাঁর ফ্লাইটটিও হাইজ্যাক হতে পারে এবং তাঁকে পণবন্দী করে অস্বাভাবিক সব দাবি করা হতে পারে। এই উত্তেজনার মাঝে গান্ধী পরিবারের পরিবেশ আরও টানটান হয়ে ওঠে।

সোনিয়া সেই স্মৃতিচারণ করে লিখেছেন, “শাশুড়িমা যখন পরিস্থিতির ব্যাখ্যা করছিলেন, গোয়েন্দারা তাঁকে যা বলেছে তা শোনাচ্ছিলেন, তেমন কিছু হলে তার ফলাফল কী হতে পারে জানাচ্ছিলেন, আমার শরীর তখন শুনতে শুনতে হিম হয়ে যাচ্ছিল। বমি পাচ্ছিল। রাজীব অভয় দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আমার মন মানছিল না। মন শান্ত হয়েছিল যখন কর্তৃপক্ষ সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে রাজীবকে ফ্লাইংয়ের দায়িত্ব থেকে সাময়িকভাবে দূরে রাখার সিদ্ধান্ত নেয়।”

এরপর সোনিয়া পাকিস্তান-পর্বের কাহিনী বর্ণনা করেন। সেখানে তিনি উল্লেখ করেন ১৯৭০ সালের ডিসেম্বরে পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের সাধারণ নির্বাচনের ঘোষণা, যা দেশভাগের পর প্রথমবার হতে যাচ্ছিল। দুই প্রান্তের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস এবং অর্থনৈতিক বৈষম্যের কারণে পাকিস্তানের প্রাধান্য দুই অংশের মধ্যে বিশাল দূরত্ব তৈরি করেছিল। এই প্রসঙ্গে সোনিয়া লিখেছেন, “পূর্ব পাকিস্তানের ক্যারিশম্যাটিক নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ ভোটের ফলে প্লাবন ঘটিয়ে দেয়। স্বাভাবিকভাবেই মুজিব প্রধানমন্ত্রিত্বের দাবিদার হয়ে ওঠেন। পশ্চিম পাকিস্তানিরা প্রতিরোধে নামে। আহত ও অপমানিত পূর্ব পাকিস্তান স্বাধীনতার দাবি জানায়; অবহেলিত, অপমানিত, শোষিত হতে হতে যে বাসনা তাদের মনে বাসা বেঁধেছিল।”

আলোচনার আড়ালে পশ্চিম পাকিস্তান থেকে ৪০ হাজার সৈন্য পূর্ব পাকিস্তানে আনা হয় এবং শেখ মুজিবুর রহমানকে ঢাকা থেকে উড়িয়ে নিয়ে পশ্চিম পাকিস্তানে বন্দী করা হয়। এরপরই শুরু হয় নৃশংস বাঙালি নিধনযজ্ঞ। অগ্নিসংযোগ, ধর্ষণ ও অত্যাচারের মাধ্যমে ঘরবাড়ি ও চাষের খেত জ্বালিয়ে ছারখার করা হয়। এমনকি অর্থনীতির মূল ভিত্তি পাটের খেতগুলোতেও আগুন লাগিয়ে দেওয়া হয়।

এই ভয়াবহতার বর্ণনা দিয়ে সোনিয়া লিখেছেন, “চার মাস ধরে চলে ওই অত্যাচার। পুরুষ, নারী ও শিশুদের তাড়া করে করে মারা হয়। প্রাণে বাঁচতে লাখে লাখে অসহায় মানুষ ভারতে পালিয়ে আসেন। উদ্বাস্তুদের অবিরাম স্রোত। দেখতে দেখতে এক কোটি নর–নারী পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে আশ্রয় নেন। সেই পাশবিক ঘটনাবলির খবর দিল্লিতে নিত্যদিন আসতে থাকে। ঢাকায় ছাত্র–ছাত্রী বুদ্ধিজীবীদের কী বীভৎসভাবে বেছে বেছে অত্যাচার করা হচ্ছিল, আমার উপস্থিতিতে রাজীব সেই ভয়ংকর হৃদয়বিদারক কাহিনি কাউকে শোনাত না।”

তিনি আরও জানান, রাষ্ট্রপতি ভবনের এক ছোট প্রেক্ষাগৃহে পশ্চিম পাকিস্তানিদের অত্যাচারের এক তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। রাজীব সোনিয়াকে সেটি দেখতে নিষেধ করেছিলেন। সোনিয়া লিখেছেন, “পশ্চিম পাকিস্তানিদের অত্যাচারের সেই মর্মান্তিক কাহিনির এক তথ্যচিত্র রাষ্ট্রপতি ভবনের ছোট্ট এক প্রেক্ষাগৃহে দেখানোর ব্যবস্থা করা হয়। রাষ্ট্রপতির আমন্ত্রণে মাঝে মাঝে আমরা সেখানে গিয়ে সিনেমা দেখতাম। কিন্তু এবার যে তথ্যচিত্রটি দেখানো হবে সেটি এতটাই নৃশংসতায় ভরা ছিল যে রাজীব আমাকে তা দেখতে নিষেধ করে। বলে আমার শারীরিক অবস্থায় ওটা না দেখাই ভালো। সেটা শুনে আমার খারাপ লেগেছিল। আমি অসম্মানিত হয়েছিলাম। আমি তো আর কচি খুকি নই। যথেষ্ট বয়স হয়েছে আমার। তা ছাড়া আমি তো প্রতিদিন খবরের কাগজে সেসব পড়ছি। জানছি। কিন্তু রাজীব তা শুনল না। তার দৃঢ় যুক্তি, অত্যাচারের কাহিনি পড়া ও সিনেমায় তা দেখা দুটি অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। অনিচ্ছা সত্ত্বেও আমাকে তা মেনে নিতে হয়।”

ইন্দিরা গান্ধীর মানসিক অবস্থার কথা উল্লেখ করে সোনিয়া লিখেছেন, “শাশুড়িমায়ের মনে হচ্ছিল যেন তাঁর নিজের মানুষের ওপর অত্যাচার চলছে। তিনি নিজে যন্ত্রণাবিদ্ধ হচ্ছিলেন। পশ্চিমবঙ্গের উদ্বাস্তু শিবিরগুলো দেখে ফেরার পর তাঁকে বিচলিত ও বিপর্যস্ত লাগছিল। সেটা ছিল ভরা বর্ষার সময়। সাধারণ তাঁবুতে গাদাগাদি করে রয়েছেন মানুষজন। খাদ্য পানীয় যৎসামান্য। ওষুধ পথ্য নেই বললেই চলে। অসহায় সেই সব মানুষের দিনযাপনের বর্ণনা শোনানোর সময় তিনি কান্না ধরে রাখতে পারছিলেন না। সেটা ক্রমেই হয়ে ওঠে প্রবল চাপ। দায়িত্বের বোঝা। অথচ সাহায্য তাঁকে করতেই হবে। সক্রিয় তাঁকে হতেই হবে। যাঁরা আশ্রয়প্রার্থী, ভারত তাঁদের ফেরায় না। এটাই ভারতীয় ঐতিহ্য। পার্সি, ইহুদি বা তিব্বতি—শরণার্থীরা যে–ই হোন।”

১৯৭১ সালের আগস্টে মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে ভারতকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন, যা ইন্দিরা গান্ধীর মন ছুঁয়েছিল। তবে একই সময়ে খবর আসে যে ইয়াহিয়া খান গোপনে শেখ মুজিবুর রহমানের বিচার করতে চলেছেন এবং তাঁর মৃত্যুদণ্ড হতে পারে। সোনিয়া লিখেছেন, “বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে উনি সরাসরি কথা বললেন। কাউকে কাউকে চিঠি লিখলেন। তারপর ঠিক করলেন বিভিন্ন দেশে যাবেন। তাঁদের বোঝাবেন কী ভীষণ সমস্যায় ভারতকে পড়তে হয়েছে। কীভাবে লাখ লাখ মানুষ এই সংঘর্ষে পিষ্ট হচ্ছে।”

ইন্দিরা গান্ধী তাঁর বিদেশ সফরে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের প্রতিকূল মনোভাবের কথা পরিবারের সবাইকে জানান। একদিকে তিনি বিশ্বনেতাদের বোঝাতেন পাকিস্তানের বিপর্যয়, অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিতে নির্দেশ দেন।

পরিবারের সেই অস্থির সময়ের কথা লিখে সোনিয়া জানান, “তৎপরতা বেড়ে গেছে। গভীর রাত পর্যন্ত মিটিং হতো। অবিশ্রান্ত ফোনালাপ হতো। যুদ্ধের প্রস্তুতিতে দিন–রাত এক হয়ে গেছে। শাশুড়িমা ঘুম বা বিশ্রামের সময়টুকু পর্যন্ত পাচ্ছেন না। যেকোনো মুহূর্তে পাকিস্তান আক্রমণ করতে পারে। সবাই সে জন্য প্রস্তুত। আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, বাড়ির দরজা–জানালার কাচ ঢেকে দিতে হবে কালো কাগজে। বাড়ির বাইরের আলোগুলো নিভিয়ে দিতে হবে।”

একবার তেজী বচ্চনের সঙ্গে কনট প্লেসে গিয়ে তিনি শহরের অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করেন। ইন্দিরা গান্ধী তাঁকে রাহুলকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে চলে যেতে বলেন, তবে সোনিয়া সিদ্ধান্ত নেন যে তিনি পরিবার ছেড়ে কোথাও যাবেন না। তিনি লিখেছেন, “একদিন বাড়ির পেছনের বারান্দায় বসে রাজীবের জন্য অপেক্ষা করছি, এমন সময় সাইরেনের আওয়াজ। কোলে রাহুলকে নিয়ে লাফ দিয়ে উঠেছি। রাহুল কান্না জুড়ে দিয়েছে। আমি তাকে নিয়ে অ্যামি আন্টির ঘরের দিকে ছুটে গেলাম। দেখি তাঁরাও আমার মতোই বিচলিত। ত্রস্ত। সেটা ছিল সাইরেনের পরীক্ষামূলক ব্যবহার। বোমারু বিমানের হামলা হলে যাতে আমরা সতর্ক হই তার মহড়া। অ্যামি আন্টি রাহুলের কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়লেন। একসময় সাইরেনের ঘণ্টি থেমে গেল। সেদিন বুঝলাম, শাশুড়িমা কেন সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু আমার ভয় পাওয়ার কিছু ছিল না। রাজীব আমার সঙ্গে আছে। রাহুলও। আর এক শিশু আসার পথে।”

৩ ডিসেম্বর পাকিস্তানি বিমানবাহিনী ভারতের বিমানঘাঁটিতে হামলা চালালে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। ইন্দিরা গান্ধী রেডিওতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং ভারতীয় ফৌজকে পূর্ব পাকিস্তানে ঢোকার নির্দেশ দেন। সোনিয়া লিখেছেন, “ভারতীয় বাহিনী যখন ঢাকার কাছাকাছি, খবর এল সপ্তম নৌবহরের বঙ্গোপসাগরে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩৬ ঘণ্টা। সেটা করা হয়েছিল ভারতকে মনস্তাত্ত্বিক চাপে ফেলতে, যাতে আমরা আলোচনার টেবিলে বসতে রাজি হই। প্রেসিডেন্ট নিক্সন ভেবেছিলেন, ইন্দিরা গান্ধীর স্নায়ু দুর্বল। তিনি ভুল বুঝেছিলেন। রামলীলা গ্রাউন্ডের জনসভায় শ্রোতাদের বিপুল উপস্থিতিতে ইন্দিরা গান্ধী জানিয়েছিলেন, আমরা পিছু হটব না। এক পাও আমরা পেছাব না। আমাদের সেনাদের লক্ষ্য, সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে পৌঁছানোর আগেই পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ নিশ্চিত করা।”

অবশেষে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেন এবং বাংলাদেশ স্বাধীন হয়। ভারত প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এক সাংবাদিকের প্রশ্নে ইন্দিরা গান্ধী বলেছিলেন, “মানুষকে জয় করায় আমরা বিশ্বাসী নই...আমাদের নীতি সব সময় একই, বন্ধুত্বের। যেখানে তা নেই সেখানে তা সৃষ্টি করা, যদি শত্রুতা হয় তা ভোঁতা করা। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে আমরা কখনো আমাদের সীমান্তের বাইরে অন্য কোনো দেশের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলিনি।”

শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তনের সেই মুহূর্তের কথা লিখে সোনিয়া বলেন, “বাঙালি মানুষজনের সেই সংকট যেন ছিল আমাদের নিজেদের সংকট। প্রতিটি মুহূর্ত তা আমাদের বিদ্ধ করেছে। বাঙালিদের ওপর পশ্চিম পাকিস্তানিদের পৈশাচিক আক্রমণ, ভারতের আবেদনে পশ্চিমা শক্তিদের হেলদোল না দেখানো, পাকিস্তানি আক্রমণের টেনশন, সোভিয়েত ইউনিয়নের সমর্থন, ভারতের সঙ্গে তাদের মৈত্রী চুক্তি, সপ্তম নৌবহরের বঙ্গোপসাগরে আসা—গোট সময়টা ছিল টেনশন, নাটক ও সাসপেন্সে ভরপুর।”

১০ জানুয়ারি ১৯৭২ সালে প্রসবের খুব কাছাকাছি সময়েও সোনিয়া গান্ধী শেখ মুজিবুর রহমানকে দেখার সুযোগ ছাড়েননি। তিনি লিখেছেন, “আমার লজ্জা লজ্জা লাগত। কিন্তু হিরো মুজিবুর রহমানকে দেখতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ কিছুতেই আমি হারাতে চাইছিলাম না। রাজীবও আপত্তি করেনি। সম্ভবত তখন ও বুঝে গিয়েছিল, এবার আর আমি ওঁর কথা শুনব না। শাশুড়িও সেটা বুঝেছিলেন। উনি আমাকে ওঁর ঘরের আলমারির সামনে নিয়ে গেলেন। একটা ওভারসাইজ নেভি ব্লু রঙের রেইনকোট বের করলেন। সেটা পরে সেই ঐতিহাসিক দিনে আমি ওঁর সঙ্গে এয়ারপোর্টে গেলাম। সঙ্গে রাজীব ও পদ্মজা নাইডু। উত্তেজনা এত তীব্র ছিল যে বাতাসেও তার উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। মুজিবুর রহমানের মর্যাদা ও উষ্ণতা আমাকে মুগ্ধ করেছিল। সমর্থনের জন্য মিসেস গান্ধী ও তাঁর সরকারকে তিনি ধন্যবাদ জানান। নতুন দেশে নিজের মানুষের কাছে যাওয়া, তাঁদের আনন্দের অংশীদার হওয়ার জন্য তাঁর ত্বর সইছিল না।”

পরদিন ১২ জানুয়ারি প্রিয়াঙ্কার জন্মের পর সোনিয়া অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। এরপর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা এবং অশোক হলে তাঁর ‘ভারতরত্ন’ পাওয়ার স্মৃতিচারণ করে সোনিয়া লিখেছেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে সেই সম্মানে যখন তাঁকে ভূষিত করা হচ্ছিল, জনাকীর্ণ অশোক হল তখন ফেটে পড়েছিল অবিরাম হাততালিতে। বাড়ি ফিরতেই রাজীব ক্যামেরা বের করে গলায় পরানো মেডেলসহ মায়ের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। ইস্পাতকঠিন স্নায়ু, নির্ভীক চিত্ত এবং লক্ষ্যের স্পষ্টতা ছিল তাঁর। নইলে যে পরিস্থিতির মোকাবিলা তাঁকে করতে হয়েছে, তাতে অন্য যে কেউ ভেঙে পড়ত। ওঁর জন্য আমরা গর্বিত। ভারতও।”

সৌম্য বন্দ্যোপাধ্যায় মুক্তকণ্ঠের নয়াদিল্লি প্রতিনিধি

*মতামত লেখকের নিজস্ব