ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথার আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। কংগ্রেসের একাধিক অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই বিশেষ প্রকাশনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল শনিবার কংগ্রেস সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে, সোনিয়া গান্ধীর লেখা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয়ের যোগ দেওয়ার কথা রয়েছে।

দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেসের একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন যে, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত আমন্ত্রণে মুখ্যমন্ত্রী বিজয় নয়াদিল্লি যাচ্ছেন। এছাড়া তাঁকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন।

কংগ্রেসের নেতাদের দেওয়া তথ্যমতে, কংগ্রেস শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি তাদের জোট শরিক দলগুলোর জ্যেষ্ঠ নেতাদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত মঙ্গলবার সোনিয়া গান্ধীর এই বহুল প্রতীক্ষিত বইটি প্রকাশিত হয়। প্রকাশের পরপরই বইটি ব্যাপক সাড়া ফেলেছে এবং বর্তমানে ভারতের রাজনৈতিক অঙ্গনে এই বইটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

এদিকে, মুখ্যমন্ত্রী বিজয়ের এই নয়াদিল্লি সফরের সুযোগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে আলোচনা চলছে। তেলেঙ্গানা টুডের প্রতিবেদনে এই সম্ভাবনা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসেও মুখ্যমন্ত্রী বিজয় নয়াদিল্লি সফর করেছিলেন। সেই সফরের সময় তিনি ভারত সরকারের থিঙ্কট্যাংক নীতি আয়োগের একটি বৈঠকে অংশ নেন। সেই সফরে তিনি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন।