ভারতের কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং ওয়েনাডের লোকসভা সদস্য প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন যে, তাঁর মা সোনিয়া গান্ধীকে লক্ষ্য করে দীর্ঘ সময় ধরে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) নানা ধরনের মনগড়া কাহিনী ও মিথ্যা অভিযোগ ছড়িয়েছে।

গত বৃহস্পতিবার ওয়েনাডে অবস্থানকালে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি বলেন, ‘তারা (বিজেপি-আরএসএস) পুরোপুরি মনগড়া কথা বানিয়েছে। এখন আমার মা নিজের গল্প বলছেন। নিজের গল্প বলার অধিকার তাঁর আছে। এত দিন তারা আমার মাকে নিয়ে মিথ্যা বলে এসেছে। এখন তিনি সত্য বলছেন। তাই তারা যে বইটির সমালোচনা করবে, সেটাই স্বাভাবিক। আর কীই–বা বলতে পারে তারা?’

উল্লেখ্য, গত মঙ্গলবার সোনিয়া গান্ধীর এই স্মৃতিকথাটি প্রকাশিত হয়েছে। বইটির বিষয়বস্তু অবলম্বনে তেলুগু ভাষায় একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি টি জগ্গা রেড্ডি।

বইটি প্রকাশের পরপরই বিজেপি পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়। বিজেপির দাবি, ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে জরুরি অবস্থা জারি করেছিলেন, সোনিয়া গান্ধী তাঁর বইতে সেই সিদ্ধান্তকে ন্যায্য প্রমাণের চেষ্টা করেছেন। এছাড়া ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার ঘটনায় প্রয়াত স্বামী রাজীব গান্ধীকে দায়মুক্ত করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করে বিজেপি। ব্যঙ্গ করে বিজেপি নেতা ও কর্মীদের দাবি, বইটির নাম ‘হোয়াইটওয়াশিং’ হওয়া উচিত ছিল।

বিজেপির এই কটাক্ষের জবাবে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘আমার মা যা ব্যাখ্যা করতে চেয়েছেন বা যে দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চেয়েছেন, তা তিনি বইয়ে লিখেছেন। এখন প্রত্যেকেরই নিজের কথা বলার অধিকার আছে। তাই না?’

তিন দিনের নির্ধারিত সফরে বর্তমানে ওয়েনাড়ে অবস্থান করছেন প্রিয়াঙ্কা। সেখানে তাঁর বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে, তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে দলীয় নেতা ও কর্মীদের নিয়ে আয়োজিত এক সভায় কংগ্রেস নেতা জগ্গা রেড্ডি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, সোনিয়া গান্ধীর স্মৃতিকথা অবলম্বনে তেলুগু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করা হবে। বার্তা সংস্থা এএনআই-এর প্রতিবেদনে এই তথ্যের কথা জানানো হয়েছে।

চলচ্চিত্রটি নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের লক্ষ্যে সাঙ্গারেড্ডি আসনের কংগ্রেস নেতা ও কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান জগ্গা রেড্ডি। তাঁর এই আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন স্থানীয় নেতারা। সাঙ্গারেড্ডি কংগ্রেসের আহ্বায়ক জুলাকান্তি অঞ্জনেয়ুলু প্রাথমিকভাবে ২ কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

পুরো চলচ্চিত্র নির্মাণ প্রকল্পটি তদারকি করার জন্য ৫০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জগ্গা রেড্ডি। দলের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা নির্বাচনে অর্থ খরচ করেন, তাই না? এটাকেও একই ধরনের খরচ হিসেবে বিবেচনা করুন। চলুন, প্রয়োজনীয় বাজেটের ব্যবস্থা করি এবং একজন ভালো পরিচালক বেছে নিই।’