নিজের প্রথম সন্তানের মৃত্যুর খবর যেমন গোপন রাখেননি, তেমনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হওয়ার লড়াইয়ের কথা অকপটে জানিয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। জীবনের কঠিন সেই লড়াইয়ে একবার নয়, দুইবার অস্ত্রোপচারের মধ্য দিয়ে তিনি এই মরণব্যাধিকে পরাজিত করেছেন।

ঘটনাটি দীর্ঘ ১৬ বছর আগের। ২০১০ সালে এক ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে যে সোনিয়া গান্ধীর বুকে ক্যানসার বাসা বেঁধেছে। চিকিৎসার জন্য তিনি দিল্লির রাজেন্দ্র নগরে অবস্থিত স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই হাসপাতালের চিকিৎসকদের ওপর সোনিয়ার পূর্ণ আস্থা ছিল এবং আজও কোনো শারীরিক সমস্যায় পড়লে তিনি সেই হাসপাতালেই ভর্তি হন। তবে ২০১০ সালে ক্যানসারের চিকিৎসার জন্য তিনি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা তাঁর সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, ‘আমি আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। নষ্ট করার মতো কোনো সময় আমার হাতে ছিল না। আমাকে ও আমার সন্তানদের সেটাই বলা হয়েছিল। দ্রুত সিদ্ধান্ত নিতে পরামর্শ দেওয়া হয়েছিল। সেসব কথা শুনে আমার মনে সম্ভাব্য এক ভয়ংকর পরিণতির ছবি ভেসে উঠেছিল।’

নিজের আত্মজীবনীতে সোনিয়া আরও উল্লেখ করেছেন, ‘স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা ও ভরসা ছিল। কিন্তু এটা জানতাম, দিল্লিতে অস্ত্রোপচার হলে ভারতের গণমাধ্যমে এক উন্মাদনা সৃষ্টি হবে। আমাকে ঘিরে আলোড়ন উঠবে। আমি তার মধ্যে থাকতে চাইনি। এ কথা সত্যি, ব্যক্তি মানুষ হলেও আমি একজন পাবলিক ফিগার। কাজেই আমাকে ঘিরে উন্মাদনা হবেই। সেটাই স্বাভাবিক। কিন্তু পাবলিক ফিগার বলে কি গোপনীয়তা রক্ষার সামান্য অধিকারটুকু আমি পাব না?’

দিল্লিতে অস্ত্রোপচার না করে সোনিয়া গান্ধী ইতালির মিলান শহরের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে বিশিষ্ট শল্যচিকিৎসক ডা. ভেরোনেসি তাঁর অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার সফল হওয়ার পর চিকিৎসক জানান যে শরীরে ক্যানসারের আর কোনো চিহ্ন অবশিষ্ট নেই, যা শুনে সোনিয়া আশ্বস্ত হন।

সেই স্মৃতিচারণ করে সোনিয়া লিখেছেন, ‘ডা. ভেরোনেসি দুটি টিউমার বাদ দিয়েছিলেন। সেই দুটির একটি ছিল কম সন্দেহজনক টিউমার। অতিরিক্ত সতর্কতা হিসেবে সেটি বাদ দেওয়া হয়েছিল। অস্ত্রোপচারের পর আমাকে যাতে পাঁচ সপ্তাহের রেডিওথেরাপি নিতে না হয়, সে জন্য তিনি একটি ইন্ট্রা–অপারেটিভ রেডিয়েশনও করিয়েছিলেন।’

আশ্বাসের সাথে দেশে ফিরলেও সেই স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। ঠিক এক বছর পর ২০১১ সালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় জানা যায় যে সোনিয়ার প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ে একটি টিউমার হয়েছে।

এই পরিস্থিতি সম্পর্কে সোনিয়া লিখেছেন, ‘আমার ও আমার সন্তানদের কাছে সেটা ছিল আরও এক বড় ধাক্কা। আমরা সঙ্গে সঙ্গে ভেবেছিলাম, ওটা আগের সমস্যারই পুনরাবৃত্তি। আবার শুরু হলো চিকিৎসকদের সঙ্গে সলা–পরামর্শ। বহু আলোচনার পর চিকিৎসকেরা জানান, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। সবাই আমাকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু আমি উদ্বিগ্ন ছিলাম। কারণ আমি জানতাম, অস্ত্রোপচারের পরই একমাত্র বোঝা যাবে রোগের বিস্তার আসলে কতটা হয়েছে। আমার মনে বারবার সবচেয়ে খারাপ পরিস্থিতির আশঙ্কা উঁকি মারছিল। ভাবছিলাম, এটা যদি মেটাস্ট্যাটিক গ্রোথ হয়, পুরোনো ক্যানসার যদি ছড়িয়ে পড়ে থাকে, তাহলে তা কি আমি কাটিয়ে উঠতে পারব?’

দ্বিতীয়বার অস্ত্রোপচারের জন্য সোনিয়া আর মিলানে না গিয়ে নেদারল্যান্ডসের রটারড্যামের একটি হাসপাতাল বেছে নেন। সেখানে ডা. ক্যাসপার ভ্যান আইজ্যাকের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। সোনিয়া জানিয়েছেন, অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা তাঁকে অত্যন্ত ভাগ্যবতী বলে অভিহিত করেন, কারণ টিউমারটি একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছিল।

রটারড্যামের হাসপাতালে চার সপ্তাহ অবস্থান করতে হয়েছিল সোনিয়াকে, আর সেই কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লিতে ফেরার পর দ্বিতীয় অস্ত্রোপচারের দীর্ঘ ধকলের কারণে তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। তবে তিনি নিজেকে সৌভাগ্যবতী মনে করেন কারণ দুইবার ক্যানসারের অস্ত্রোপচার করা হলেও তাঁকে কেমোথেরাপির মতো অত্যন্ত কষ্টকর চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়নি।