প্রথম সপ্তাহের মধ্যেই দুই লাখ কপি বিক্রির মাইলফলক স্পর্শ করার পর, গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’।

বইটি প্রকাশের অনুষ্ঠানে সোনিয়া গান্ধী জানান, সত্যকে সামনে আনতেই তিনি এই স্মৃতিচারণামূলক গ্রন্থটি লিখেছেন। দীর্ঘ টালবাহানা এবং নানা মানসিক দ্বন্দ্বের পর শেষ পর্যন্ত নিজের কলমে নিজের জীবনকাহিনি লিখতে রাজি হন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এত বছর ধরে আমি, আমার শাশুড়ি, স্বামী, ছেলে, মেয়ে ও গান্ধী পরিবারকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে, যার অধিকাংশই ভিত্তিহীন ও অসত্য।’

রাজধানী নয়াদিল্লির একটি সাততারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানটি কেবল বই প্রকাশ ছিল না, বরং বিরোধী শিবির ‘ইন্ডিয়া’ জোটের সংহতির এক প্রদর্শনীতে পরিণত হয়। গান্ধী পরিবারের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ দলের শীর্ষ নেতৃত্ব। এছাড়া সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ও তাঁর স্ত্রী ডিম্পল, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যোসেফ বিজয়, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ উপস্থিত ছিলেন। সাথে ছিলেন ওমর আবদুল্লাহর বাবা ও জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা শরদ পাওয়ারের কন্যা ও লোকসভার সদস্য সুপ্রিয়া সুলে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর এবং কংগ্রেস শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি পাঞ্জাবের সাবেক কংগ্রেস মুখ্যমন্ত্রী ও বর্তমান বিজেপি নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের উপস্থিতি নজর কাড়ে।

পাঞ্জাবে নির্বাচনের আগে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের এই উপস্থিতি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে অনুষ্ঠান শেষে প্রবীণ এই নেতা স্পষ্ট করেন যে, এটি একটি সামাজিক অনুষ্ঠান ছিল, কোনো রাজনৈতিক মঞ্চ নয়। তাই এখানে তাঁর কংগ্রেসে ফেরার প্রশ্ন তোলা অর্থহীন বলে তিনি মন্তব্য করেন।

প্রকাশক হারপার কলিন্সের আয়োজিত এই অনুষ্ঠানে সোনিয়া গান্ধীর সঙ্গে আলাপচারিতায় অংশ নেন প্রকাশনা সংস্থার এক্সিকিউটিভ পাবলিশার অ্যান্ড রাইটস ডিরেক্টর পৌলমী চ্যাটার্জি। সেই আলাপচারিতায় সোনিয়া ব্যাখ্যা করেন, কেন তিনি অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে এই বই লেখার সিদ্ধান্ত নিলেন। পরিবার নিয়ে প্রচলিত নানা ‘ভিত্তিহীন ও অসত্য’ তথ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রকৃত জীবনযাত্রার সঙ্গে সেসবের কোনো মিল নেই। কোনো সম্পর্কই নেই। মানুষ এমন সব গল্প ফাঁদে, মিথ্যাচার করে, বেদনাদায়ক আলোচনা করে, যার সঙ্গে সত্যের সম্পর্ক নেই। তাই ভেবেছি, এই বই আমার অনুভূতিগুলো প্রকাশের মাধ্যম হতে পারে। আমার পরিবার সম্পর্ক আমি যা জানি, তা তুলে ধরার একটি উপায় হতে পারে। মনে হয়েছে, হয়তো মানুষ আমার গল্প শুনতে আগ্রহী হবেন।’

সোনিয়া স্বীকার করেন যে, স্মৃতিকথা লেখার ক্ষেত্রে তাঁর মনের দ্বিধা কাটাতে বড় ভূমিকা পালন করেছেন তাঁর পুত্র রাহুল ও কন্যা প্রিয়াঙ্কা। মূলত তাঁদের এবং তাঁর দীর্ঘদিনের বন্ধু মঞ্জুলিকা দুবের ক্রমাগত অনুরোধে তিনি শেষ পর্যন্ত রাজি হন। উল্লেখ্য, মঞ্জুলিকা দুবে হলেন প্রয়াত রাজীব গান্ধীর ঘনিষ্ঠ বাল্যবন্ধু সাংবাদিক সুমন দুবের স্ত্রী।

সোনিয়া জানান, মঞ্জুলিকা তাঁকে বারবার বলতেন, ‘তোমার গল্প তোমাকেই বলতে হবে।’ বইটির নাম কেন ‘বিলংগিং’ রাখা হলো, তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এই ইংরেজি শব্দটির অর্থ হলো অন্তর্ভুক্ত হওয়া বা মানিয়ে নেওয়া। এই ধারণাই পুরো বইয়ের মূল সুর হিসেবে অনুরণিত হয়েছে। তিনি মনে করেন, এটি কেবল ইতালি থেকে ভারতে আসা তাঁর একার অনুভূতি নয়, বরং এ দেশের অগণিত নারীর জীবনের বাস্তবতা। যেভাবে তিনি ইতালি থেকে এসে ভারত, পরিবার ও সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়েছেন, বিয়ের পর প্রতিটি নারীকেও সেভাবে নতুন পরিবেশে মানিয়ে নিতে হয় এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে হয়। সোনিয়া বলেন, সম্পূর্ণ ভিন্ন দেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য থেকে এসে তিনি রাজীব, তাঁর পরিবার এবং ভারতকে গভীরভাবে ভালোবেসেছেন এবং এই দেশকেই নিজের আপন করে নিয়েছেন। তিনি আরও বলেন, ‘আপনি বাইরের কেউ হলে এমনটা আপনার মনে হতে বাধ্য যে কেউ যেন সব সময় আপনাকে নজরে রেখেছে। পর্যবেক্ষণ করছে। সেই অবস্থায় ভুল হয়ে যাওয়ার এক নিরন্তর ভয় আপনার মধ্যে থাকবেই। সেই পরিবেশে নিজের জায়গা করে নেওয়ার জন্য এক নিরন্তর প্রচেষ্টার প্রয়োজন হয়।’ এই দীর্ঘ সংগ্রাম ও একাত্ম হওয়ার প্রচেষ্টাকেই তিনি ‘বিলংগিং’ বা অন্তর্ভুক্তি হিসেবে অভিহিত করেছেন।

বইটি লেখার সময় অনেক ক্ষেত্রে প্রবল আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন সোনিয়া। বিশেষ করে তাঁর শাশুড়ি ইন্দিরা গান্ধী এবং স্বামী রাজীব গান্ধীর মৃত্যুর প্রসঙ্গ লিখতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ‘জীবনের শুরুর দিকের কাহিনি অনায়াসেই লিখতে পেরেছি। কিন্তু বেদনাদায়ক মুহূর্তগুলো নতুনভাবে মনে করাটা অত্যন্ত কঠিন ছিল। তখন আমি উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছিলাম না। হিমশিম খাচ্ছিলাম। সেই সময়ে আমার বন্ধুরা ও আমার মেয়ে আমাকে থামতে দেননি। লেখা চালিয়ে যেতে ক্রমাগত উৎসাহ জুগিয়ে গেছেন।’

সোনিয়া আরও জানান, অনেকের মতো ডায়েরি লেখার অভ্যাস তাঁর ছিল না, যা জীবন ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ লিপিবদ্ধ করার কাজটিকে আরও কঠিন করে তুলেছিল। তবে তাঁর কাছে কিছু হাতে লেখা নোট ছিল। বিশেষ করে অটল বিহারি বাজপেয়ীর শাসনামলে বিরোধী দলনেত্রী থাকাকালীন সময়ের কিছু গুরুত্বপূর্ণ নোট তিনি সংরক্ষণ করেছিলেন, যা বইটিতে সহায়তা করেছে।

সবশেষে সোনিয়া স্বীকার করেন যে, শুরু থেকেই তিনি তাঁর শাশুড়ি ইন্দিরা গান্ধীর ব্যক্তিত্বের বড় অনুরাগী ছিলেন এবং তাঁকে খুব ভয়ও পেতেন। বইটির প্রতি পাঠকদের অভূতপূর্ব প্রতিক্রিয়ায় তিনি গভীরভাবে আপ্লুত বলে জানিয়েছেন।