শৈশবের প্রেমিক জামিলের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর নিজেকে মানিয়ে নিতে প্রচণ্ড লড়াই করছেন জারিয়াব। ঠিক এই সংকটময় সময়েই তাঁর জীবনে প্রবেশ করেন আবু বকর। বর্তমানে পাকিস্তানি জনপ্রিয় ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এ জারিয়াবের জীবন কোন মোড় নেবে, তা নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চরিত্রটির নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে অনেক দর্শক প্রশ্ন তুলেছেন। এই চলমান আলোচনায় অংশ নিয়েছেন জারিয়াবের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী দুরেফিশান সেলিমও। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “ভুলের পর একজন পুরুষ যত সহজে নতুন করে শুরু করার সুযোগ পান, একজন নারীকে তাঁর সিদ্ধান্তের ভার বইতে হয় আরও দীর্ঘ সময়।” অভিনেত্রীর মতে, এই ধারাবাহিকটি মূলত সমাজের সেই বৈষম্য নিয়েই প্রশ্ন তোলে। পর্দায় জারিয়াব চরিত্রটি নিয়ে যখন তুমুল আলোচনা চলছে, ঠিক তখনই দুরেফিশানের নতুন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। বরফনীল বা আইস ব্লু রঙের একটি শিফন শাড়ির সঙ্গে তিনি পরেছেন চমৎকার কারুকাজ করা একটি ব্লাউজ। শাড়ির হালকা নীল ও ধূসর আভা, রুপালি সিকুইনের উজ্জ্বলতা এবং গাঢ় লাল নেইল পলিশের সমন্বয়ে তাঁর সাজে ফুটে উঠেছে রঙের এক দারুণ বৈপরীত্য। উল্লেখ্য, নকশাকার নিমরা খোকা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই বিশেষ পোশাকটির নাম দিয়েছেন ‘জারিয়াব’। ১০টি ছবির মাধ্যমে দেখা যাচ্ছে দুরেফিশানের এই মোহময় সাজ, যার পাশাপাশি উঠে এসেছে তাঁর পর্দার কয়েকটি উল্লেখযোগ্য কাজের গল্প।