পাকিস্তানি বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মির হঠাৎ করেই তাঁর ভক্তদের চমকে দিয়েছেন। আগামী বছর থেকে তিনি অভিনয় জীবন থেকে সাময়িক বিরতি নিতে যাচ্ছেন বলে ঘোষণা করেছেন। তবে এই আকস্মিক বিরতির পেছনে নির্দিষ্ট কোনো কারণ তিনি উল্লেখ করেননি। অভিনেতার এই রহস্যময় সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই নিজেদের মতো করে এর কারণ খোঁজার চেষ্টা করছেন।
বর্তমানে আহাদ ‘ক্যাফে ফিরাক’ নামক একটি সিরিয়ালের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই নাটকে তাঁর সহ-অভিনেত্রী হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। ধারণা করা হচ্ছে, বিরতিতে যাওয়ার আগে তিনি এই প্রজেক্টটির কাজ সম্পন্ন করবেন। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে আহাদ ও ইয়ুমনা জায়েদি এই জুটিকে পর্দায় দেখার জন্য দর্শকদের মাঝে ইতিমধ্যেই প্রবল আগ্রহ তৈরি হয়েছে।
আহাদের এই ঘোষণার পর তাঁর ব্যক্তিগত জীবন এবং বিয়ে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। ভক্তদের একাংশ মনে করছেন, সম্ভবত তিনি বিয়ে করে পরিবারকে সময় দেওয়ার পরিকল্পনা করছেন। তবে আহাদ নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং লাইভে এসে বিয়ের প্রসঙ্গটিও উত্থাপন করেননি।
উল্লেখ্য যে, ‘ইয়াকিন কা সফর’, ‘এহদ-ই-ওফা’, ‘ইয়ে দিল মেরা’, ‘মিম সে মহব্বত’ ও ‘হাম তুম’-এর মতো জনপ্রিয় নাটকের মাধ্যমে আহাদ নিজেকে পাকিস্তানের অন্যতম শীর্ষস্থানীয় টেলিভিশন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শুধু পাকিস্তানেই নয়, ভারতেও তাঁর বিশাল এক ভক্তগোষ্ঠী রয়েছে।
ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেতা। ২০২০ সালের মার্চ মাসে আবুধাবিতে অভিনেত্রী সাজল আলীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে দীর্ঘ লড়াইয়ের পর ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। সম্প্রতি ‘এক অউর মহব্বত’ নাটকে মায়া আলীর সঙ্গে অভিনয় করেছেন আহাদ। আর সামনেই তাঁকে দেখা যাবে ইয়ুমনা জায়েদির সঙ্গে ‘ক্যাফে ফিরাক’-এ।
আহাদ রাজা মির কত দিনের জন্য এই বিরতি নিচ্ছেন, তা এখনো স্পষ্ট নয়। এই দীর্ঘ বিরতির পর তিনি পুনরায় অভিনয়ে ফিরে আসবেন কি না, এখন সেটাই দেখার বিষয়।