পাকিস্তানি নাটক ‘দার–ই–নিজাত’-এর কাহিনী এখন পর্যন্ত মান-অভিমান, বিশ্বাসভঙ্গ এবং তীব্র মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। তবে দীর্ঘ প্রতীক্ষার পর এবার গল্পের মোড় ঘুরেছে এবং শুরু হয়েছে প্রেমের পালা। নাটকের প্রধান দুই চরিত্র আবু বকর ও জারিয়াবের রসায়নে মুগ্ধ হয়ে এখন কথা বলছেন দর্শকরা। তাঁদের ছোট ছোট রোমান্টিক মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে।
গত ৬ নভেম্বর প্রচারিত নাটকটির ২৮তম পর্বে দেখা যায়, আবু বকর ও জারিয়াব একসঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যকার খুনসুটি, হাসি-ঠাট্টা এবং মিষ্টি কথোপকথন দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে। তবে সবচাইতে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক বাটি নুডলস খাওয়ার দৃশ্যটি। একটি সাধারণ মুহূর্ত যে কতটা রোমান্টিক হয়ে উঠতে পারে, এই দৃশ্যটি যেন তার এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
নাটকটিতে আবু বকরের চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াবের চরিত্রে অভিনয় করেছেন দুরেফিশান সেলিম। তবে তাঁদের সম্পর্কের শুরুটা মোটেও সহজ ছিল না। বিশ্বাসভঙ্গ এবং মানসিক আঘাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন জারিয়াব। সেই অন্ধকার সময়েই তাঁর জীবনে আশার আলো হয়ে আসেন আবু বকর। স্ত্রীর অতীত নিয়ে কোনো বিচার না করে বরং ধৈর্য ও সম্মানের সাথে তাঁর পাশে থাকার চেষ্টা করেন তিনি। সময়ের সাথে সাথে এই পারস্পরিক শ্রদ্ধাবোধই তাঁদের মধ্যে বিশ্বাস ও ভালোবাসার জন্ম দেয়।
একসময় জারিয়াবের জীবনে ছিল প্রচুর প্রাণচাঞ্চল্য। কিন্তু শৈশবের পরিচিত জামিলের বিশ্বাসঘাতকতার কারণে সবকিছু বদলে যায়। নাটকে জামিল চরিত্রে অভিনয় করেছেন নামির নওয়াজ খান। সেই মানসিক আঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে জারিয়াবকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। তাই আবু বকরের সাথে তাঁর কাটানো মুহূর্তগুলো দর্শকদের কাছে কেবল প্রেমের দৃশ্য নয়, বরং জারিয়াবের নতুন করে ঘুরে দাঁড়ানোর এক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
নাটকের আরও একটি দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। সেখানে দেখা যায়, আবু বকর জারিয়াবকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন। দর্শকদের ধারণা, কেনাকাটা করাটা কেবল বাহানা মাত্র, আসলে স্ত্রীর সঙ্গে আরও কিছুটা একান্ত সময় কাটানোই ছিল তাঁর আসল উদ্দেশ্য।
ভক্তরা এই জনপ্রিয় জুটিকে আদর করে নাম দিয়েছেন ‘আবজার’। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের রোমান্টিক দৃশ্যগুলো নিয়ে এখন নানা ধরনের ভিডিও এবং সম্পাদিত ক্লিপ তৈরি হচ্ছে।