পাকিস্তানের সীমানা ছাড়িয়ে বাংলাদেশ ও ভারতের দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন পাকিস্তানি ধারাবাহিক 'দার-ই-নিজাত'-এর জনপ্রিয় চরিত্র আবু বকর। বিশেষ করে নারী দর্শকদের মাঝে এই চরিত্রটি ব্যাপক প্রশংসিত হচ্ছে; অনেকের দৃষ্টিতে আবু বকর একজন আদর্শ স্বামীর প্রতিচ্ছবি। এমনকি বাস্তব জীবনেও এমন জীবনসঙ্গী পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করছেন অনেক দর্শক। উল্লেখ্য, আবু বকরের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার।

সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কের উপস্থাপক হারুন রশিদের সঙ্গে এক আলাপচারিতায় আবু বকর চরিত্রের বিভিন্ন দিক ও মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করেন শেহরিয়ার। অভিনেতার মতে, আবু বকরের চরিত্রের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো তার সবাইকে খুশি রাখার প্রবল ইচ্ছা। কাউকে সরাসরি ‘না’ বলতে তিনি বেশ সমস্যায় পড়েন। শেহরিয়ার জানান, এই চরিত্রের সাথে তাঁর নিজেরও অনেক মিল রয়েছে। তিনি বলেন, তিনিও অনেক সময় অন্যদের সন্তুষ্ট করতে গিয়ে নিজের ব্যক্তিগত ইচ্ছাকে গুরুত্ব দেন না। এছাড়া আবু বকরের মধ্যে ‘সেভিয়ার কমপ্লেক্স’ বা অন্যদের সমস্যা সমাধান ও রক্ষা করার এক অতিরিক্ত প্রবণতা লক্ষ্য করা যায়।

চরিত্রটির এই মানসিক গঠনের পেছনে মায়ের প্রভাবের কথা উল্লেখ করেন শেহরিয়ার। তাঁর ভাষ্যমতে, শৈশব থেকেই আবু বকরের মা তাকে নির্দিষ্ট কিছু নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন। কোনটি সঠিক আর কোনটি ভুল, তা তাকে প্রতিনিয়ত বোঝানো হয়েছে। ফলে সবসময় সঠিক কাজটি করার এক অদৃশ্য চাপ তার ভেতরে কাজ করে। এই মানসিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে শেহরিয়ার বলেন, ‘একবার ভাবুন, এই মানুষকে কতটা চাপ নিয়ে বাঁচতে হয়।’

সাক্ষাৎকারে আবু বকরের প্রেম ও অনুভূতির বিষয়েও কথা বলেন শেহরিয়ার। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, জারিয়াবের প্রতি আবু বকরের ভালো লাগা দীর্ঘদিনের। মায়ের সাথে জারিয়াবের বাড়িতে যাতায়াতের সময় থেকেই মেয়েটির প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়েছিল। তবে আবু বকর তা প্রকাশ করেননি, বরং আড়াল থেকেই জারিয়াবকে পর্যবেক্ষণ করতেন। জারিয়াব ও আবু বকরের ব্যক্তিত্ব সম্পূর্ণ বিপরীত। এই দুই ভিন্ন স্বভাবের মানুষের মধ্যে সম্পর্কের সম্ভাবনা তৈরি হওয়ায় আবু বকর এক ধরণের দ্বিধায় ভুগতেন। তাঁর মনে এই ভাবনা কাজ করত যে, মন যা চাইছে বাস্তবতা হয়তো তাকে সেই পথে হাঁটতে দেবে না।

দর্শকদের কাছে আবু বকরের এই নীরব ভালোবাসার বিষয়টি স্পষ্ট করতে বিভিন্ন দৃশ্যে সূক্ষ্ম ইঙ্গিত রেখেছিলেন শেহরিয়ার। একটি নির্দিষ্ট দৃশ্যের কথা উল্লেখ করে তিনি জানান, একবার দুপুরের খাবার খেতে গিয়ে আবু বকর জারিয়াবকে বলেছিলেন, ‘তুমি পাস্তা পছন্দ করো, তা–ই না?’ তখন জারিয়াব অবাক হয়ে জানতে চান যে আবু বকর এটি জানলেন কীভাবে। উত্তরে আবু বকর বলেছিলেন, ‘কিশওয়ার খালা একবার বলেছিলেন।’

শেহরিয়ারের মতে, কাউকে পছন্দ না করলে তার প্রিয় খাবারের কথা এভাবে মনে রাখা সম্ভব নয়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এমন অনেক ইঙ্গিত ছড়িয়ে দিয়েছি।’

ধারাবাহিকটি প্রচারের পর থেকেই আবু বকরের চরিত্রটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আলোচনা চলছে। তবে তার অতিরিক্ত ভালোমানুষি ও নম্রতা অনেকের কাছে অবাস্তব বলে মনে হয়েছে। যদিও অভিনেত্রী নাদিয়া আফগান এই চরিত্রের পক্ষে কথা বলেছেন। তিনি জানান, তাঁর বাস্তব জীবনের স্বামীর মধ্যেও আবু বকরের মতো কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। তাই আবু বকরের আচরণ তাঁর কাছে অত্যন্ত বিশ্বাসযোগ্য মনে হয়েছে।