মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি চর্বিতে দ্রবণীয় উপাদান হলো ভিটামিন ই। এটি কেবল একটি ভিটামিনই নয়, বরং শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবেও কাজ করে। মূলত কোষগুলোকে ফ্রি-রেডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করাই এর প্রধান কাজ। এছাড়া এটি কোষের ঝিল্লির অখণ্ডতা বজায় রাখতে এবং লিপিড পারঅক্সিডেশন প্রতিরোধ করতে কার্যকর ভূমিকা পালন করে।
বয়স ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে ভিটামিন ই-এর প্রয়োজনীয়তা ভিন্ন হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন গড়ে ১৫ মিলিগ্রাম ভিটামিন ই প্রয়োজন। ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য এই চাহিদা ৭ মিলিগ্রাম। অন্যদিকে, অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মায়েদের জন্য ২০ মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন ই প্রয়োজন হতে পারে। তবে মনে রাখা জরুরি যে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ভিটামিন ই সাপ্লিমেন্ট গ্রহণ করলে তা হিতে বিপরীত হতে পারে।
প্রকৃতিতে ভিটামিন ই-এর উৎস প্রচুর। বিশেষ করে সব ধরনের বাদামের তেল, নারকেল তেল, সূর্যমুখীর তেল এবং ক্যানোলা তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে এই ভিটামিন পাওয়া যায়। এছাড়া মাছ, ডিম, দুধ, পনির, ঝিনুক এবং ব্রুকলিতেও স্বল্প পরিমাণে ভিটামিন ই বিদ্যমান।
ত্বকের যত্নে ভিটামিন ই-এর ভূমিকা অপরিসীম। এটি ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি, পরিবেশগত দূষণ এবং ফ্রি রেডিক্যালের আক্রমণ থেকে ত্বককে রক্ষা করে। ত্বকের গভীরে আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি এটি কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে, যা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রেখে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এছাড়া ত্বকের শুষ্কতা দূর করতেও এটি অত্যন্ত কার্যকর।
চুলের স্বাস্থ্যের ক্ষেত্রেও ভিটামিন ই বিশেষ উপকারী। এটি চুলের গোড়ায় রক্তসঞ্চালন বৃদ্ধি করে গোড়াকে মজবুত করে। চুলের উপরিভাগে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করার মাধ্যমে এটি চুল ভেঙে যাওয়া রোধ করে।
হার্ট ও রক্ত সঞ্চালনের ক্ষেত্রেও এর গুরুত্ব অনেক। হৃৎপিণ্ডের মাধ্যমে পাম্প করা রক্ত যখন দেহকোষে অক্সিজেন ও পুষ্টি পদার্থ সরবরাহ করে, তখন ভিটামিন ই সেই প্রক্রিয়াকে সহায়তা করে। পাশাপাশি বিপাকজাত রেচন পদার্থ, যেমন কার্বন ডাই-অক্সাইড বহন করে ফুসফুসের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে এটি সাহায্য করে।
রক্তের স্বাস্থ্যের কথা বলতে গেলে, এটি রক্তের খারাপ চর্বি বা কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড ও এলডিএল কমিয়ে ভালো চর্বি এইচডিএল বাড়াতে সহায়তা করে। লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিকে ফ্রি-রেডিক্যাল থেকে রক্ষা করার ফলে লোহিত রক্তকণিকা দ্রুত ভেঙে যায় না এবং অকালমৃত্যু রোধ হয়। এছাড়া লোহিত রক্তকণিকার গঠন ও পরিপক্বতা আনয়নেও এটি সহায়ক।
নারীদের প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রেও ভিটামিন ই গুরুত্বপূর্ণ। এটি জরায়ু এবং ডিম্বাণুর সুরক্ষার মাধ্যমে ওভোল্যুশনে বিশেষ ভূমিকা পালন করে।
এই তথ্যগুলো প্রদান করেছেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সিনিয়র পুষ্টি কর্মকর্তা মো. ইকবাল হোসেন।