প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে সকালের নাস্তা প্রস্তুত করার জন্য অনেকেরই হাতে পর্যাপ্ত সময় থাকে না। ফলে এক কাপ চা আর এক প্যাকেট বিস্কুট দিয়েই দিনের শুরু করেন অনেকেই। আমাদের অনেকের মধ্যেই এই অভ্যাসটি গেঁথে গিয়েছে। তবে পুষ্টিকর সকালের নাস্তার পরিবর্তে নিয়মিত চা-বিস্কুট খাওয়ার এই অভ্যাস শরীরের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
সারা দিনের কাজের প্রয়োজনীয় শক্তি বা এনার্জি মূলত নির্ভর করে সকালের পুষ্টিকর খাবারের ওপর। প্রতিদিনের নাস্তায় যদি কেবল চা ও বিস্কুট থাকে, তবে শরীরে প্রয়োজনীয় পুষ্টির মারাত্মক ঘাটতি হতে পারে। এর পাশাপাশি রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি, দ্রুত ক্ষুধা লাগা এবং হজম প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে।
রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে
বাজারে পাওয়া যায় এমন অধিকাংশ বিস্কুটই তৈরি হয় ময়দা, চিনি এবং বিভিন্ন ধরনের তেল দিয়ে। এর সাথে চায়ে চিনি মেশালে শরীরে অতিরিক্ত শর্করার প্রবেশ ঘটে। চা-বিস্কুটের এই সংমিশ্রণে রিফাইন্ড কার্বোহাইড্রেট ছাড়া তেমন কিছুই থাকে না; প্রোটিনের উপস্থিতি প্রায় নেই বললেই চলে।
এর ফলে এই খাবারগুলো গ্রহণের পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিসে আক্রান্ত, তাদের জন্য নিয়মিত এমন নাস্তা খাওয়া একেবারেই স্বাস্থ্যকর অভ্যাস নয়।
দ্রুত ক্ষুধা ও ক্লান্তি আসতে পারে
সকালের নাস্তায় যদি পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার না থাকে, তবে দীর্ঘ সময় পেট ভরা থাকে না। চা-বিস্কুট খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুনরায় ক্ষুধা অনুভব হতে পারে। প্রয়োজনীয় পুষ্টির অভাবে দিনের মাঝামাঝি সময়ে শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং অনেকের ক্ষেত্রে মনোযোগ ধরে রাখতে সমস্যা হতে পারে।
পুষ্টির ঘাটতি হতে পারে
চা ও বিস্কুটে শরীরের জন্য অপরিহার্য পুষ্টি উপাদান পাওয়া যায় না। বিশেষ করে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজের মতো গুরুত্বপূর্ণ উপাদানের অভাব থাকে এই খাবারে।
যদি নিয়মিত এই দুটি খাবারকেই সকালের একমাত্র নাস্তা হিসেবে বেছে নেওয়া হয়, তবে ডিম, ডাল, দুধ, মাছ-মাংস, ফলমূল ও শাকসবজির মতো পুষ্টিকর খাবার খাওয়ার সুযোগ কমে যায়। দীর্ঘমেয়াদী এই খাদ্যাভ্যাস শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি তৈরি করে।
কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে
বিস্কুটে খাদ্য আঁশ বা ফাইবারের পরিমাণ থাকে খুবই সামান্য। ফাইবার হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে এবং মলত্যাগ সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিদিনের নাস্তায় ফাইবারসমৃদ্ধ খাবারের অভাব থাকলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে অথবা বিদ্যমান সমস্যা আরও প্রকট হতে পারে।
চা আয়রন শোষণে বাধা দিতে পারে
চায়ের মধ্যে থাকা পলিফেনল ও ট্যানিন উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণ করার ক্ষমতা কমিয়ে দিতে পারে। বিশেষ করে খাবার খাওয়ার পরপরই চা পান করলে এই প্রভাব বেশি দেখা যায়। যাদের শরীরে আগে থেকেই আয়রনের ঘাটতি রয়েছে, তাদের এই বিষয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। তাই আয়রনসমৃদ্ধ খাবার খাওয়ার সময় চা পান এড়িয়ে চলা উচিত।
খারাপ কোলেস্টেরল ও ওজন বাড়তে পারে
চা-বিস্কুটে বিদ্যমান চিনি ও ফ্যাটের কারণে শরীরের ওজন এবং রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে পারে। বিস্কুটে থাকা অতিরিক্ত চিনি, ময়দা ও ফ্যাট শরীরে বাড়তি ক্যালরি যোগ করে। বিশেষ করে চিনিযুক্ত দুধ চা এবং অধিক পরিমাণে প্যাকেটজাত বিস্কুট খাওয়ার অভ্যাস থাকলে আরও বেশি সতর্ক হওয়া জরুরি।
তাই সকালে কেবল চা-বিস্কুটের ওপর নির্ভর না করে পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি। সকালের নাস্তায় প্রোটিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার রাখা উচিত, যা দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং শরীরের পুষ্টির চাহিদা মেটায়। চা পানের অভ্যাস থাকলে তা দিনের অন্য সময়ে গ্রহণ করা যেতে পারে।