ইতালিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর পৈতৃক নিবাসটি এখন একটি সংগ্রহশালায় রূপান্তরিত হতে যাচ্ছে। ২০২০ সালে ইতালিপ্রবাসী ভারতীয় শিখ ব্যবসায়ী সুখদেব সিং কাঙ্গ এই বাড়িটি ক্রয় করেন। ছয়টি কক্ষ বিশিষ্ট এই বাড়িটিকে তিনি সম্পূর্ণ আগের অবস্থায় বজায় রেখেছেন। তবে বাড়ির দেয়ালে ভারতের জাতীয় পতাকার রঙ ব্যবহার করে সেখানে লিখে দিয়েছেন, ‘ইন্ডিয়া হাউস, সোনিয়া গান্ধীর জন্মস্থান, ৯ ডিসেম্বর ১৯৪৬’।
বাড়িটিকে তিনি ঠিক কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে সম্প্রতি বিস্তারিত জানিয়েছেন সুখদেব সিং। ভারতের পাঞ্জাব রাজ্যের ঐতিহাসিক শহর অমৃতসরে অবস্থানকালে গত বৃহস্পতিবার তিনি বলেন, ‘অনেকেই আমাকে বলেছিলেন হেরিটেজ হোটেল করতে। কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন, ওটা গুরুদুয়ারা করা হোক। কিন্তু আমরা ঠিক করেছি, ওখানে সোনিয়া পরিবারের জাদুঘর করব। দেশ থেকে যাঁরা ইতালি আসবেন, তাঁদের কেউ কেউ ভেনেটো অঞ্চলের লুসিয়ানা গ্রামে গেলে এই বাড়িতে সোনিয়ার মেয়েবেলা কেমন কেটেছিল, তা জানতে পারবেন।’
সুখদেব সিং জানান, বাড়িটি যেভাবে কিনেছিলেন, সেভাবেই রেখে দিয়েছেন এবং কোনো পরিবর্তন করা হয়নি। গত বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং’ প্রকাশের পর যেভাবে তা সাড়া ফেলেছে, লোকজন আলোচনা করছে, তাতে তাঁর মনে হয়েছে, বাড়িটি জাদুঘরই করা দরকার।
তিনি আরও জানান, সোনিয়া গান্ধী ও রাহুল–প্রিয়াঙ্কার সঙ্গে এ বিষয়ে কথা বলবেন এবং তাঁদের কাছ থেকে পরিবারের আরও অনেক গল্প শুনবেন। সেই তথ্যের ভিত্তিতে জাদুঘরে কী কী জিনিস রাখা যায়, তা নির্ধারণ করবেন। তিনি বলেন, ‘আমি চাই, যাঁরাই ওই জাদুঘর দেখতে যাবেন, তাঁরা তাঁদের পারিবারিক তথ্য ও সোনিয়া গান্ধীর শৈশব–কৈশোর আরও ভালোভাবে জানুন।’
ব্যবসায়ী সুখদেব চাইলে এই বাড়িটিকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারতেন এবং অনেক শুভানুধ্যায়ী তাঁকে সেই পরামর্শও দিয়েছিলেন। তবে তিনি সেই পথে হাঁটতে রাজি হননি। সম্পত্তিটি কত টাকায় কিনেছেন তা জানা না গেলেও, বাড়িটি দেখাশোনার জন্য তিনি একজন তত্ত্বাবধায়ককে মাসে ১০০ ইউরো প্রদান করেন। এছাড়া প্রতি বছর বাড়িটির কর বাবদ প্রায় ১ হাজার ইউরো ব্যয় করেন তিনি।
বাড়িটি ভাড়া দিলে মাসে প্রায় ৮০০ ইউরো আয় করা সম্ভব হতো, কিন্তু সুখদেব তা করেননি। বাড়ির বিন্দুমাত্র পরিবর্তন না ঘটিয়ে একে আগের মতোই রেখে দিয়েছেন তিনি।
লুসিয়ানা গ্রাম থেকে ঘণ্টাখানেক দূরে ব্রেসচিয়া নামক স্থানে সপরিবারে বসবাস করেন সুখদেব সিং কাঙ্গ। তিনি এই সম্পত্তিটি তাঁর স্ত্রী ও কন্যার নামে কিনেছেন। বাড়িটিকে জাদুঘরে রূপান্তরের জন্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সব অনুমতি তাঁরা ইতিমধ্যেই সংগ্রহ করেছেন।
সোনিয়ার পৈতৃক বাড়িটি নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সোনিয়ার বাবা স্টেফানো মাইনো পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং বাড়ি তৈরি করতেন। এই সাধারণ বাড়িটি বা সোনিয়ার শৈশব দেখে কেউ কল্পনাও করতে পারেনি যে, তিনি একদিন ভারতীয় রাজনীতির এত আলোচিত এক ব্যক্তিত্ব হয়ে উঠবেন।
টাইমস অব ইন্ডিয়াকে কথা বলার সময় সুখদেব সিং বলেন, ‘বাড়িটির কোনো বদল ঘটাইনি। শুধু দেয়ালের এক জায়গায় জাতীয় পতাকার রং লাগিয়ে লিখেছি, “ইন্ডিয়া হাউস, সোনিয়া গান্ধীর জন্মস্থান, ৯ ডিসেম্বর ১৯৪৬”।’
তিনি আরও বলেন, ‘সোনিয়া গান্ধীর বাড়িটি কিনতে পেরে আমরা গর্বিত। তাঁরা যখনই আসবেন, বাড়ির চাবি তাঁদের হাতে তুলে দেব। এই গ্রামের লোকজনও গান্ধী পরিবারকে কাছে পেতে উৎসুক।’
ইতিমধ্যেই অনেক মানুষ সোনিয়ার পৈতৃক বাড়িটি দেখতে ওই গ্রামে আসা শুরু করেছেন, যাদের মধ্যে শিখ ধর্মাবলম্বীদের সংখ্যা সবচেয়ে বেশি। পর্যটকদের এই আগমনে গ্রামের অর্থনীতিরও উন্নতি হচ্ছে। পর্যটকরা স্থানীয় হোটেলে অবস্থান করছেন, এলাকায় ঘুরছেন এবং খাবার দোকানে অর্থ ব্যয় করছেন।
বাড়িটি কেনার পর যেদিন এর উদ্বোধন করা হয়, সেদিন অনেক মানুষসহ রাজনীতিকরাও উপস্থিত ছিলেন। সুখদেব সিং জানান, প্রতি বছর সোনিয়া গান্ধীর জন্মদিনে তাঁরা ওই বাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন।
সুখদেব সিং বলেন, ‘অনেকেই মনে করেছে, বাড়িটি আমি কিনেছি বাণিজ্যিক স্বার্থে। জমি–বাড়ির দাম বাড়ে বৈ কমে না। কিন্তু তা নয়। এক ব্যক্তি ও তাঁর পরিবারের ব্যক্তিগত ইতিহাসের একটুকরো অতীত সংরক্ষণের সুযোগ পাওয়াকেই আমি বড় মনে করেছি। সুযোগটি তাই ছাড়তে চাইনি।’