কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের নাম সংবলিত একটি স্মৃতিফলক সাদা রং দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা এই অশুভ কর্মকাণ্ডটি চালিয়েছে। এই ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার শহীদ মিনার সংলগ্ন চানমারী এলাকায় এই ঘটনাটি ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় চানমারী এলাকায় মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধরে রাখতে সেখানে গুলির চিহ্নসহ নয়জন বীর মুক্তিযোদ্ধার নাম খোদাই করা একটি নামফলক স্থাপন করা হয়েছিল। তবে সম্প্রতি রাতের আঁধারে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিবর্গ সাদা রং ব্যবহার করে ফলকে লেখা মুক্তিযোদ্ধাদের নামগুলো ঢেকে দেয়।

ঘটনা প্রসঙ্গে মুক্তিযোদ্ধা আজিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই তিনি শহীদ মিনার এলাকায় গিয়ে দেখেন যে নামফলকটি সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তিনি বলেন, “ ১৯৭১ সালে প্রশিক্ষণের সময় চানমারীতে গুলির চিহ্ন এবং পাশে নয়জন বীর মুক্তিযোদ্ধার নামসংবলিত ফলক ছিল।” এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যদিকে, দেওয়ানগঞ্জের বাসিন্দা মুক্তিযোদ্ধা আলম মিয়া ঘটনার কথা শুনে দ্রুত সেখানে পৌঁছান। তিনি বলেন, “আমি এই রৌমারীতে প্রশিক্ষণ নিয়েছি। ঘটনার কথা শুনেই এখানে এসেছি। সে সময় এখানে অনেক প্রশিক্ষণ হয়েছে। ১৯৭১ সালের স্মৃতি যারা মুছে দিতে চায়, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।”

উপজেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চানমারীতে সেই সময়ের শত শত গুলির চিহ্ন এখনও বিদ্যমান। দেশের জন্য জীবন উৎসর্গ করা বীর মুক্তিযোদ্ধাদের নামফলক মুছে ফেলার ঘটনায় তিনি গভীর নিন্দা প্রকাশ করেন। পাশাপাশি তিনি জানান, বিষয়টি ইতিমধ্যে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, বিষয়টি জানার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “এ ঘটনায় তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। তিনি বলেন, “রাতের অন্ধকারে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”