ভারতের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে পুনরায় জয়ের লক্ষ্যে বিজেপি নেতৃত্ব আবারও কট্টর হিন্দুত্ববাদের পথে হাঁটছে। নির্বাচনের কৌশল নির্ধারণের জন্য মথুরায় আয়োজিত দুই দিনের ‘চিন্তন বৈঠক’–এ তারা তাদের নতুন নির্বাচনী স্লোগান খুঁজে পেয়েছে।

রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী নিজেই সেই স্লোগানের মাধ্যমে কর্মীদের উৎসাহিত করেছেন। ‘রাধে রাধে, কমল খিলা দে’ এবং ‘রাধে রাধে, হ্যাটট্রিক করা দে’ স্লোগানটি মূলত রাধাকৃষ্ণের কাছে এক গভীর আর্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এর অন্তর্নিহিত অর্থ হলো, ‘হে রাধে, রাজ্যে আরেকবার পদ্মফুল বিকশিত হোক, বিজেপি জয়ের হ্যাটট্রিক করুক’।

এই স্লোগানের মাধ্যমেই এটি স্পষ্ট হয়ে গিয়েছে যে, তৃতীয়বারের মতো বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে বিজেপি কট্টর হিন্দুত্ববাদকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য মঙ্গলবার মথুরায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন, ‘অযোধ্যা পুরোপুরি আমাদের হয়ে গেছে, এবার মথুরাকে নিতে হবে। অযোধ্যার মতো মথুরাতেও গড়ে তোলা হবে কৃষ্ণজন্মভূমির জমকালো মন্দির।’

মথুরার দুই দিনের কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গত মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের জাতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে বৈঠক করেন। দলীয় রণকৌশল আলোচনার পাশাপাশি সেই বৈঠকে শরিকদের সঙ্গে আসন সমঝোতা নিয়েও কথা হয়। উভয় ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নির্বাচনী প্রচারে অযোধ্যার আদলে মথুরায়—শ্রীকৃষ্ণের জন্মস্থানে—মন্দির নির্মাণের বিষয়টিকে বড় করে তুলে ধরতে হবে।

এবারের নির্বাচনে হিন্দুত্বের ধ্বজা ওড়ানোর পেছনে বিজেপির আরও একটি বিশেষ কারণ রয়েছে। উত্তরপ্রদেশের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর পর দেখা গেছে, প্রাথমিকভাবে যাদের ২ কোটি ৮০ লাখ ভোটারের নাম কাটা গিয়েছে অথবা তালিকায় ওঠেনি, তাদের মধ্যে ১ কোটি ২৭ লাখই হিন্দু ভোটার।

হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বেশ কিছুদিন ধরে এই বিষয়ে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করছেন। হিন্দু ভোটারদের নাম বাদ পড়ার বিপরীতে মুসলিম ভোটারের সংখ্যা ১ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিজেপি রাজ্য নেতৃত্বের আশঙ্কা, এর ফলে অন্তত ৫৮টি আসনে নির্বাচনী ফলাফলে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।

এই ব্যবধান ঘোচাতে সাংগঠনিক স্তরে বিজেপি বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। নির্দেশ দেওয়া হয়েছে যে, বুথ পর্যায়ে এমনভাবে হিন্দু ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে হবে যাতে ১০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই এই বৈষম্য দূর হয়। প্রতিটি বুথে ২০০ জন হিন্দু ভোটারের নাম তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তবে মুখ্যমন্ত্রীর এই দাবি বা অভিযোগ নির্বাচন কমিশন নাকচ করে দিয়েছে। গত মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তা নভদীপ রিনওয়া জানিয়েছেন, কমিশনের কাছে থাকা ভোটারদের তথ্য তালিকা থেকে কারও ধর্ম বা জাত বোঝা সম্ভব নয়।

নভদীপ বলেন, “কমিশনের কাছে ভোটারদের তথ্যভান্ডারে শুধু নাম, আত্মীয়ের নাম, বয়স, জন্মতারিখ, বাড়ির নম্বর ও লিঙ্গের উল্লেখ থাকে। ফলে ওই তালিকা ঘেঁটে কারও জাত বা ধর্মপরিচয় জানা সম্ভব নয়।”

একই সঙ্গে নির্বাচন কর্মকর্তা উল্লেখ করেন, বাজারে এমন কিছু সফটওয়্যার রয়েছে যা নাম দেখে ব্যক্তি হিন্দু, মুসলিম নাকি খ্রিষ্টান তা বলে দিতে পারে। তিনি আরও জানান, ভোটার তালিকায় এখনো আড়াই কোটির বেশি প্রাপ্তবয়স্কের নাম ওঠেনি এবং আগামী এক মাস সবার জন্য নাম তোলার সুযোগ থাকছে।

মথুরার চিন্তন শিবির ও দিল্লির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থানে মন্দির তৈরির প্রতিশ্রুতির পাশাপাশি আরও কিছু বিষয়ে প্রচারে জোর দিতে হবে। এর মধ্যে অন্যতম হলো অভিন্ন দেওয়ানি বিধি চালু করা। টানা ১০ বছর ক্ষমতায় থাকলেও যোগী সরকার উত্তরপ্রদেশে এটি কার্যকর করতে পারেনি, যদিও উত্তরাখণ্ডের মতো রাজ্যে তা করা হয়েছে। এবার এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে।

পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া হবে যে, তৃতীয়বার ক্ষমতায় এলে অবৈধভাবে পরিচালিত সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। যারা জেহাদি মতবাদে বিশ্বাসী এবং দেশবিরোধী কাজে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

এই সব প্রতিশ্রুতির পাশাপাশি বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর ‘সাফল্যের নজির’ হিসেবে দুটি বিশেষ বিষয়ের ওপর গুরুত্ব দেবেন। একটি হলো আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি এবং অন্যটি সামগ্রিক উন্নয়ন। এই দুটি ক্ষেত্রে ইতিবাচক সাফল্যের তুলনা করে প্রচার চালানো হবে।

প্রচারে বলা হবে, উত্তরপ্রদেশে বর্তমান সময়ে নারী নিরাপত্তা অতীতের চেয়ে অনেক বেশি। গুন্ডামি, মাস্তানি এবং মাফিয়াগিরি পুরোপুরি নির্মূল করা হয়েছে। মানুষ এখন নির্ভয়ে চলাফেরা করতে পারছে এবং আইনশৃঙ্খলার উন্নতির ফলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে। রাজ্যে অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে ও হচ্ছে, সে বিষয়েও এখন থেকেই ইতিবাচক প্রচার শুরু হবে।

চিন্তন বৈঠকে বিজেপি নেতৃত্ব ঠিক করেছেন, মূলত তিনটি আঙ্গিকে প্রচার চালানো হবে। প্রথমত, আইনশৃঙ্খলা পরিস্থিতির ১৮০ ডিগ্রি পরিবর্তন, যা মানুষকে জীবন, সম্পত্তি ও কাজের নিরাপত্তা দিয়েছে। দ্বিতীয়ত, আইনশৃঙ্খলার উন্নতির ফলে ব্যবসা-বাণিজ্য ও শিল্পে রাজ্যের উল্লেখযোগ্য অগ্রগতি। তৃতীয়ত, সাংস্কৃতিক পরিচয় ও রাষ্ট্রবাদ। এই তৃতীয় বিষয়টির মধ্যেই হিন্দুত্ববাদ এবং মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দির নির্মাণের প্রসঙ্গ প্রবলভাবে উঠে আসবে।

অন্যদিকে, সমাজবাদী পার্টির (এসপি) নেতা অখিলেশ সিং যাদব আজ বুধবার মুখ্যমন্ত্রীর নির্বাচনী আসন গোরক্ষপুর থেকে একটি রোড শো করেন। ২০ কিলোমিটার দীর্ঘ এই রোড শোর আনুষ্ঠানিক নাম ‘পিডিএ রথযাত্রা’। অখিলেশ মূলত তিন শ্রেণির সমর্থনের ওপর ভিত্তি করে বিজেপির মোকাবিলা করতে চাইছেন। এখানে ‘পি’ মানে পিছিয়ে পড়া বা অনগ্রসর অংশ, ‘ডি’ অর্থ দলিত এবং ‘এ’ হলো অল্পসংখ্যক বা সংখ্যালঘু মুসলমান।

কংগ্রেসের সঙ্গে সমাজবাদীদের জোট হলে তাদের লক্ষ্যভুক্ত গোষ্ঠীতে ব্রাহ্মণরাও চলে আসবেন। তবে বিজেপির মতো সমাজবাদী পার্টিও এখন পর্যন্ত শরিকদের সঙ্গে আসন সমঝোতার বৈঠক করতে পারেনি। এদিকে, বিজেপি নেতারা ইতিমধ্যেই অখিলেশকে মথুরার মন্দিরের করসেবায় অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তাদের দাবি, অখিলেশ যদি সত্যিই কৃষ্ণভক্ত হন, তবে মন্দির তৈরির কাজে হাত বাড়ান। মূলত অখিলেশের যাদব ভোটব্যাংকে প্রভাব ফেলতে বিজেপি এই কৌশল নিয়েছে, কারণ শ্রীকৃষ্ণ যাদববংশীয়।