ভারতের উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করলেন হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এবং দলিত ও অনগ্রসর শ্রেণির প্রভাবশালী নেতা চন্দ্রশেখর আজাদ। গতকাল বৃহস্পতিবার লক্ষ্ণৌতে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) এবং চন্দ্রশেখরের আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম) আনুষ্ঠানিকভাবে এই জোট গঠনের কথা ঘোষণা করেছে।
নতুন এই রাজনৈতিক ফ্রন্টের নামকরণ করা হয়েছে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’, যা সংক্ষেপে ‘এসপিএম’ নামে পরিচিত হবে। এই জোট রাজ্যের মোট ৪০৩টি আসনের সবকটিতেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত রাজ্যের ২১ শতাংশ দলিত এবং ১৯ শতাংশ মুসলিম ভোটারদের লক্ষ্য করে মাঠে নামছে এই জোট, যার ফলে মোট ৪০ শতাংশ ভোটব্যাংকের ওপর তাদের নজর। তবে এই ঘোষণার পরপরই রাজনৈতিক মহলে এক ধরণের আশঙ্কা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, মুসলিম ও অনগ্রসর জাতিগোষ্ঠীর এই নতুন জোট বিজেপিবিরোধী প্রধান দুই শক্তি—কংগ্রেস এবং সমাজবাদী পার্টির ভোট ভাগ করে নিতে পারে। এর চূড়ান্ত সুবিধা পেতে পারে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
সংবাদ সম্মেলনে আসাদউদ্দিন ওয়াইসি নতুন এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চন্দ্রশেখর আজাদের নাম ঘোষণা করেন। দুই নেতাই আশ্বস্ত করেছেন যে, খুব দ্রুতই আসন সমঝোতা চূড়ান্ত করে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানকে প্রধান ইস্যু হিসেবে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন চন্দ্রশেখর। তিনি দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদান, উন্নত মানের হাসপাতাল নির্মাণ এবং বেকার যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর দাবি, “এই জোট কোনো তৃতীয় ফ্রন্ট নয়, বরং এটিই সবচেয়ে শক্তিশালী প্রথম ফ্রন্ট।” সমাজের অবহেলিত ও শোষিত মানুষকে এই জোটে শামিল হওয়ার আহ্বান জানান আজাদ।
অন্যদিকে, আসাদউদ্দিন ওয়াইসি আশা প্রকাশ করেন যে, ২০২৭ সালের নির্বাচনে বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা থেকে আটকাতে এই মোর্চা একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। তাঁর মতে, দলিত ও সংখ্যালঘুদের দীর্ঘ সময় ধরে কেবল ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। বিজেপিকে রুখে দেওয়ার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়নেও তারা কাজ করবেন বলে তিনি জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সমাজবাদী পার্টির (সপা) ‘পিডিএ’ (পিছড়ে, দলিত, সংখ্যালঘু) সমীকরণের মূলে এই নতুন জোট বড় আঘাত হানতে পারে। একই সঙ্গে মুসলিম ও দলিত ভোট বিভক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। লক্ষ্ণৌ শিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে মুক্তকণ্ঠকে বলেন, “দীর্ঘ সময় ধরে আসাদউদ্দিন এমন জায়গায় প্রার্থী দিচ্ছেন, যেখানে কংগ্রেসের একটা সুযোগ তৈরি হয়েছে বা হচ্ছে, আর যেখানে বিজেপিবিরোধী একটা হাওয়াও রয়েছে। এভাবে মহারাষ্ট্রসহ বেশ কিছু রাজ্যে তারা বিজেপিবিরোধী কংগ্রেসের ভোট কেটে বিজেপিরই সুবিধা করেছে। এখানেও সেটাই হতে চলেছে বলে মনে হচ্ছে।”
নতুন এই জোটের বিষয়ে কংগ্রেসের প্রতিক্রিয়া বেশ স্পষ্ট। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতন্ত্রে সবারই দল গঠন বা জোট করার অধিকার রয়েছে এবং তারা তাদের নিজস্ব পথেই কাজ করে যাবে। তবে এই নতুন জোটের সঙ্গে কংগ্রেসের হাত মেলানোর সম্ভাবনা প্রসঙ্গে দলের নেতারা জানিয়েছেন, “এ ধরনের সিদ্ধান্ত পুরোপুরি দলের কেন্দ্রীয় নেতৃত্বই নেবে।” কংগ্রেসের মতে, রাজনীতি মানে শুধু বিভিন্ন সম্প্রদায়ের মুখ সামনে আনা নয়, বরং মানুষকে দেখাতে হবে যে দলগুলো আদতে কী দিতে পারছে। সমাজবাদী পার্টির সংসদ সদস্য অবধেশ প্রসাদও এই নতুন জোটকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন।
অন্যদিকে, ভারতীয় জনতা পার্টির দাবি, কোনো নির্দিষ্ট এজেন্ডা ছাড়া গঠিত এই জোটের ফলে নির্বাচনে তাদেরই সুবিধা হবে। এদিন সপা প্রধান অখিলেশ যাদবের আগামী অযোধ্যা রামমন্দির সফর নিয়ে তীব্র কটাক্ষ করেন ওয়াইসি। উর্দু কবিতা উদ্ধৃত করে তিনি বলেন, “ধীরে ধীরে অখিলেশের মুখ থেকে মুখোশ সরে যাচ্ছে এবং আসল চেহারা সামনে আসছে।”