আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশের চূড়ান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। তবে এই তালিকা প্রকাশের আগেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। খসড়া তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি করে তীব্র উষ্মা ও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সংকটজনক পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতেই এখন ব্যস্ত মুখ্যমন্ত্রী। বিপুল সংখ্যক হিন্দু ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়া এই ঘটনাটি বর্তমানে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়ে উঠেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, খসড়া তালিকা প্রকাশের পর দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন। তাঁরা খুঁটিয়ে দেখবেন যে সক্ষম ভোটারদের নামের পাশে ‘না’ লেখা আছে কি না। যদি নামের পাশে ‘না’ থাকে, তবে নিয়ম অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, বাদ পড়া ভোটারদের মধ্য থেকে প্রতিটি বুথ থেকে অন্তত ২০০টি করে নাম পুনরায় তুলতে হবে। উল্লেখ্য, আগামী ১০ জানুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
রাজ্যের এই পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বও যথেষ্ট সক্রিয়। আগামী ২৭ ও ২৮ নভেম্বর রাজ্যের ভোট সংক্রান্ত বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্র ও রাজ্য স্তরের প্রভাবশালী মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ মার্চ রাজ্যের মোট জনসংখ্যার মধ্যে প্রাপ্তবয়স্কদের সংখ্যা ছিল ১৬ কোটি ২০ লাখ। এসআইআর (SIR) প্রক্রিয়ার পর গত এপ্রিল মাসে প্রকাশিত ভোটার তালিকায় ১৩ কোটি ৪০ লাখ ভোটারের নাম ছিল। অথচ এসআইআরের আগে রাজ্যের মোট ভোটার সংখ্যা ছিল ১৫ কোটি ৪০ লাখ।
হিসাব অনুযায়ী, এসআইআরের পর মোট ২ কোটি ৮০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে, যা মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১৭ দশমিক ৩০ শতাংশ। মুখ্যমন্ত্রীর দাবি, বাদ যাওয়া এই বিপুল সংখ্যক ভোটারের মধ্যে ১ কোটি ২৭ লাখই হলেন হিন্দু। এই বিপুল সংখ্যক নাম কীভাবে বাদ গেল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। বিস্ময়ের আরও একটি বড় কারণ হলো, এসআইআরের পর রাজ্যের মুসলিম ভোটারের সংখ্যা ১ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর প্রশ্ন উঠেছে।
বিজেপিরই একটি অংশ এই ঘটনায় প্রশ্ন তুলেছে। তাঁদের মতে, যে দলের সাংগঠনিক ক্ষমতা প্রশ্নাতীত, যার শক্তি বুথ পর্যায় পর্যন্ত বিস্তৃত এবং যে দল প্রায় ১০ বছর ধরে রাজ্যে ক্ষমতায় রয়েছে—এমনকি যার নেতৃত্বও অপরিবর্তিত—সেই বৃহত্তম রাজ্যে এমন ঘটনা কীভাবে সম্ভব? এই বিস্ময়ের পাশাপাশি কিছু মহলের ধারণা, যদি নাম বাদ যাওয়ার এই পরিস্থিতি অপরিবর্তিত থাকে, তবে ভোটের সময় হিন্দু মেরুকরণের ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে।
এসআইআর-প্রক্রিয়া চলাকালীন বিজেপি কোনো প্রকার ঢিলেমি দেয়নি। তারা সারা রাজ্যে ১ লাখ ৬১ হাজার বুথ পর্যায় এজেন্ট বা ‘বিএলএ’ নিযুক্ত করেছিল। অন্যদিকে, সমাজবাদী পার্টি (এসপি) নিযুক্ত করেছিল ১ লাখ ৫৭ হাজার এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) নিযুক্ত করেছিল ১ লাখ ৫৪ হাজার বিএলএ।
একটি সর্বভারতীয় হিন্দি নিউজ চ্যানেলে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানান, যে ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, পঞ্চায়েতের ভোটার তালিকায় তাঁদের প্রত্যেকের নাম ছিল। তিনি আরও বলেন, “তাঁরা সবাই এখনো বিভিন্ন কল্যাণমুখী সরকারি সহায়তা পেয়ে চলেছেন।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, হিন্দু ভোটারদের নাম বাদ যাওয়ার পেছনে এসআইআর-প্রক্রিয়ার ভেতরে কোনো রহস্য লুকিয়ে রয়েছে।
বিজেপি নেতৃত্ব আরও একটি গুরুতর প্রশ্ন তুলেছে। বুথ লেভেল অফিসার (বিএলও) এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও)—তাঁরা সকলেই রাজ্যের সরকারি কর্মচারী। তাঁদের কাজের গাফিলতির কারণে যদি এমনটি ঘটে থাকে, তবে তা কেন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং মন্ত্রীদের নজর এড়িয়ে গেল?
মুখ্যমন্ত্রীর এই ক্ষোভের সুযোগ নিয়ে কংগ্রেস তাঁকে তীব্র কটাক্ষ করছে। কংগ্রেস নেতাদের দাবি, ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে তাঁরা দীর্ঘ দিন ধরে যে কথা বলে আসছেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ তুলছেন, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এখন সেই একই সুরে কথা বলতে বাধ্য হয়েছেন।
অন্যদিকে, রাজনৈতিক মহলের একাংশ বিজেপির অভ্যন্তরে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মধ্যে ক্ষমতা লড়াইয়ের সম্ভাবনা দেখছেন। তাঁদের প্রশ্ন, আদিত্যনাথকে অপদস্থ করতে অমিত শাহ কি তাঁর ঘনিষ্ঠ জ্ঞানেশ কুমারকে দিয়ে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ালেন? যাতে তিনি জাতীয় পর্যায়ে নেতৃত্বের দাবিদার হয়ে উঠতে না পারেন?
রাজ্য বিজেপির একাংশের মতে, এবারের এসআইআরের সময় সমাজবাদী পার্টির কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা গেছে, বিশেষ করে মুসলিম ভোটারদের ক্ষেত্রে। মুসলিম ও যাদব বরাবরই এসপির ভোট ব্যাংক, তবে এবার দলিত ও অ-যাদব অনগ্রসরদেরও নিজেদের সঙ্গে যুক্ত করেছে এসপি। এই জনবিন্যাসই তাদের মূল লক্ষ্য। এই মহলের অভিমত, মুসলিম সম্প্রদায় এবার যথেষ্ট সতর্ক ছিল যাতে ‘লজিক্যাল ডিস্ক্রিপ্যানসির’ কারণে তাঁদের নাম বাদ না যায়। বিপরীতে, ভোটার তালিকায় নাম থাকা নিয়ে হিন্দুদের মধ্যে মুসলিমদের মতো তীব্র তাগিদ বা আগ্রহ দেখা যায়নি।
এই পরিস্থিতিতে সক্রিয় হয়ে উঠেছে আরএসএস-ও। রাজ্যের ছয়টি অঞ্চলের তদারকির জন্য ছয়জন সাংগঠনিক সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তর প্রদেশকে বিজেপি ও আরএসএস মিলে মোট ৯৮টি সাংগঠনিক জেলায় ভাগ করেছে। ভোটের তদারকির জন্য রাজ্যের বাইরে থেকেও আরএসএস কর্মীদের আনা হবে। আরএসএস ও বিজেপি উভয়েই অবগত যে, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের ফল আশানুরূপ না হলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে তার মারাত্মক প্রভাব পড়বে।