মানুষের শরীর তার নিজস্ব সম্পদ নয়, বরং এটি মহান আল্লাহর দেওয়া একটি আমানত। পবিত্র কোরআনে এই সত্যটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ‘নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁরই কাছে ফিরে যাব।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৬)। যেহেতু শরীর একটি আমানত, তাই এর যথাযথ যত্ন নেওয়া প্রতিটি মুমিনের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। সুস্থতার প্রয়োজনীয়তাকে অবহেলা করা কিংবা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অভ্যাসে লিপ্ত হওয়া এই দায়িত্ববোধের পরিপন্থী।

দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য নবীজি (সা.) যে সাতটি গুরুত্বপূর্ণ সুন্নত বা নির্দেশনা দিয়েছেন, তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

প্রথমত, খাদ্যাভ্যাসে সংযম। সুস্থ জীবনের অন্যতম প্রধান শর্ত হলো পরিমিত আহার। ইসলাম খাবার গ্রহণে কোনো কঠোর নিষেধাজ্ঞা দেয়নি, তবে পরিমিতিবোধের শিক্ষা দিয়েছে। নবীজি (সা.) এমন এক জীবনদর্শনের কথা বলেছেন, যেখানে আত্মার পবিত্রতার পাশাপাশি দেহের সুস্থতাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘তোমার শরীরেরও তোমার ওপর অধিকার রয়েছে।’ (সহিহ বুখারি, হাদিস: ১৯৬৮)।

ইবাদতের নামে শরীরকে চরমভাবে নিঃশেষ করে দেওয়া যেমন কাম্য নয়, তেমনি দেহের আরামের মোহে আত্মিক কর্তব্যগুলো বিসর্জন দেওয়াও গ্রহণযোগ্য নয়। আল্লাহ-তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, ‘তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা আরাফ, আয়াত: ৩১)।

খাবারের পরিমাণ সম্পর্কে রাসুল (সা.) বলেন, ‘আদমসন্তানের মেরুদণ্ড সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই যথেষ্ট। আর যদি বেশি খেতেই হয়, তবে পেটের এক-তৃতীয়াংশ খাবারের জন্য, এক-তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩৮০)। অতিরিক্ত খাবার গ্রহণ স্থূলতা ও ডায়াবেটিসের মতো নানা স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়, তাই খাদ্যে সংযম শরীরকে সুস্থ রাখার পাশাপাশি আত্মনিয়ন্ত্রণ শেখায়।

দ্বিতীয়ত, পরিচ্ছন্নতা। সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম ভিত্তি হলো পরিচ্ছন্নতা। আল্লাহ-তাআলা নির্দেশ দিয়েছেন, ‘আপনার পোশাক পবিত্র রাখুন।’ (সুরা মুদ্দাসসির, আয়াত: ৪)। নবীজি (সা.) অজু ও গোসলের মাধ্যমে শরীরকে পবিত্র রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৩)।

ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি তিনি ঘুমের পর হাত না ধুয়ে পানির পাত্রে হাত ডোবাতেও নিষেধ করেছেন (সহিহ বুখারি, হাদিস: ১৬২)। এছাড়া রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এবং স্থির পানিতে প্রস্রাব করা থেকে বিরত থাকাকে ইসলাম সামাজিক পরিচ্ছন্নতার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করে।

তৃতীয়ত, চিকিৎসা গ্রহণ। রোগ ও বিপদ থেকে বাঁচতে নবীজি (সা.) আগেভাগেই সতর্ক হতে শিখিয়েছেন। সংক্রামক রোগের বিস্তার রোধে রাসুল (সা.) বলেন, ‘তোমরা যখন কোনো এলাকায় মহামারির প্রাদুর্ভাবের কথা শোনো, তখন সেখানে প্রবেশ করো না। আর কোনো এলাকায় মহামারি দেখা দিলে এবং তোমরা সেখানে অবস্থানরত থাকলে সেখান থেকে বের হয়ো না।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৭২৮)।

অসুস্থ হলে যথাযথ চিকিৎসা নেওয়া ইসলামের শিক্ষারই অংশ। রাসুল (সা.) বলেছেন, ‘হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো। কেননা আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি, যার প্রতিষেধক বা চিকিৎসা সৃষ্টি করেননি। তবে একটি রোগ এর ব্যতিক্রম। তা হলো বার্ধক্য।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৮৫৫)। তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করাই ইসলামের নির্দেশনা; কেবল তাকদিরের দোহাই দিয়ে চিকিৎসায় নিষ্ক্রিয় থাকা সঠিক শিক্ষা নয়।

চতুর্থত, পর্যাপ্ত বিশ্রাম। শরীর ও মনের সুস্থতার জন্য কাজের পাশাপাশি বিশ্রাম অপরিহার্য। আল্লাহ-তাআলা বলেন, ‘আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম এবং রাতকে করেছি আবরণ।’ (সুরা নাবা, আয়াত: ৯-১০)।

একদা কয়েকজন সাহাবি নবীজির ইবাদত সম্পর্কে জানতে পেরে নিজেদের জন্য সারা রাত নামাজ পড়ার এবং সারা বছর রোজা রাখার সংকল্প করেন। বিষয়টি জানতে পেরে রাসুল (সা.) বললেন, ‘...আমি রোজা রাখি, আবার রোজা ছেড়েও দিই; নামাজ পড়ি, আবার ঘুমাইও এবং বিয়েও করি। সুতরাং যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে, সে আমার দলভুক্ত নয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৩)। অর্থাৎ শরীরের প্রয়োজন উপেক্ষা করে কেবল ইবাদত বা পরিশ্রমে ডুবে থাকা সুন্নাহসম্মত নয়।

পঞ্চমত, মানসিক প্রশান্তি। পার্থিব সম্পদ মানুষের সব অস্থিরতা দূর করতে পারে না। তবে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় হলে জীবনের অনিশ্চয়তা ও প্রতিকূলতার মধ্যেও মানুষ প্রকৃত প্রশান্তি খুঁজে পায়।

ষষ্ঠত, ক্ষতিকর অভ্যাস বর্জন। মদ, মাদক ও তামাকজাতীয় দ্রব্যের আসক্তি শারীরিক সুস্থতার পাশাপাশি বিবেক ও সামাজিক জীবনকেও বিপর্যস্ত করে। আল্লাহ-তাআলা সতর্ক করেছেন, ‘তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না।’ (সুরা বাকারা, আয়াত: ১৯৫)।

রাসুল (সা.) বলেছেন, ‘নিজের ক্ষতি করা যাবে না এবং অন্যের ক্ষতিও করা যাবে না।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৩৪০)। এই নীতি বর্তমান যুগের ধূমপানের ক্ষেত্রেও প্রযোজ্য, যা নিজের ও অন্যের ক্ষতির কারণ। তাই স্বাস্থ্যবিধ্বংসী সব আচরণ পরিহার করা একজন সচেতন মুমিনের পরিচয়।

সপ্তমত, সুস্থতার মূল্য উপলব্ধি। সুস্থ শরীর এমন এক সম্পদ, যার প্রকৃত মূল্য মানুষ হারিয়ে যাওয়ার পর বুঝতে পারে। শরীর সুস্থ থাকলে মানুষ দীর্ঘ সময় ইবাদত করতে পারে, উপার্জন করতে পারে, পরিবারকে সময় দিতে পারে এবং সমাজের জন্য কল্যাণকর কাজ করতে পারে। তাই শারীরিক সুস্থতার প্রতি লক্ষ্য রাখা প্রতিটি মুমিনের দায়িত্ব।

—নাহিদা সুলতানা : আলেমা ও প্রাবন্ধিক