দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি বনভূমি অবৈধভাবে দখল করে বসতবাড়ি নির্মাণের চেষ্টার অভিযোগে উপজেলা প্রশাসন ও বন বিভাগের এক যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে প্রায় ৩০ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের আমবাগান গ্রামে এই উচ্ছেদ অভিযানটি চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভাদুরিয়া বিট কর্মকর্তা এম এস নুরসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং নবাবগঞ্জ থানা-পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
ঘটনা প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন জানান, আমবাগান গ্রামের ইব্রাহিম মিয়া (৩৫) প্রায় ৩০ শতক বনভূমি জবরদখল করে সেখানে বসতবাড়ি নির্মাণের চেষ্টা করছিলেন। বন বিভাগের পক্ষ থেকে এতে বাধা দেওয়া হলে তিনি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ করেন। পরে বন বিভাগ উপজেলা প্রশাসনের সহযোগিতা চাইলে যৌথ অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সরকারি বনভূমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।