দিনাজপুরের নবাবগঞ্জে মাদক সেবনের অপরাধে মো. রুবেল মিয়া (২৬) নামের এক গ্রাম পুলিশকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত আদালতের শুনানির পর তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আদালতের দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া নবাবগঞ্জ উপজেলার ৪নং শালখুড়িয়া ইউনিয়নের শালখুড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি এসকেদার আলীর ছেলে এবং ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মিয়া দীর্ঘ দিন ধরে মাদক সেবনের সাথে জড়িত ছিলেন। তার এই মাদকাসক্তির বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস এই বিষয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”