দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিজের পোষা সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন লোগেন হাসদা (৫৫) নামের এক অভিজ্ঞ সাপুড়। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটে ওই উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামে। জানা গেছে, সোমবার সকালে লোগেন হাসদা তার নিজ বাড়িতে সাপের বাক্স থেকে সাপ বের করার সময় এই দুর্ঘটনার শিকার হন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম। তিনি মুক্তকণ্ঠকে জানান, “সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পর লোগেন হাসদাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

নিহত লোগেন হাসদা ওই গ্রামের মৃত শংকর হাসদার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ৩০ বছর ধরে তিনি সাপ খেলা দেখানো এবং ওঝার পেশার সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দেওয়া তথ্যানুসারে, সোমবার সকাল ১০টার দিকে সাপ খেলা দেখানোর উদ্দেশ্যে বাড়িতে রাখা বাক্স থেকে সাপ বের করছিলেন লোগেন হাসদা। ঠিক সেই মুহূর্তে একটি মাছাওলি সাপ তাকে কামড় দেয়। বিষক্রিয়ায় দ্রুত অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবশেষে ওইদিন বিকেলে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।