দিনাজপুরের নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানসহ চারটি গাড়িতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দিনাজপুরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন। এ সময় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ অক্টোবর রাত সোয়া ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় সড়কে চলাচলরত যানবাহন থামিয়ে চালক, সহকারী ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

ঘটনার পর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় অভিযোগ করা হয়। এরপর পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডাকাত দলের আট সদস্যকে শনাক্ত ও গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে দুটি এইচপি ল্যাপটপ, ইনফিনিক্স, অপো, ভিভো, অনার ও স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোন, একটি ম্যাক্সটেল বাটন ফোন, একটি চাপাতি ও একটি ছুরি।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার ব্যক্তিদের নবাবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।