দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দায়ের করা একটি নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩), জগন্নাথপুর গ্রামের নুরে আলম সিদ্দিক (২০) এবং মাহাদি হাসান (২০)।
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে পুলিশ জানায়, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার পাহাড়পুর এলাকার পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে বেশ কিছু ব্যক্তি একত্রিত হয়েছিলেন। এজাহারে অভিযোগ করা হয়েছে যে, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে একটি মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় তাদের সাথে কুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে উল্লেখ করা হয়।
খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে উপস্থিত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যান। এই ঘটনার প্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্ত চলাকালীন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস মুক্তকণ্ঠকে জানান, “সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।