সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিরোধী দলীয় সদস্যদের তীব্র হট্টগোলের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে বেশ কিছু সময় তাঁর বক্তব্য স্থগিত রাখতে হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে সংসদের অধিবেশন শুরুর পর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের বিষয়টি উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন যে, চারটি পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে ওই বাড়িতে আগুন লাগানো হয়েছে। নাহিদ ইসলামের এই দাবির কিছু সময় পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিয়ে কথা বলেন। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে এবং সেখানে পেট্রোল বোমার ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে।

মাগরিবের নামাজের বিরতির পর পুনরায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভিডিও ফুটেজ ও তথ্যের কথা উল্লেখ করেছেন। তবে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় ছড়িয়ে থাকা ভিডিও ফুটেজটি দেখলে স্পষ্ট বোঝা যায় যে, বাইরে থেকে কোনো বস্তু নিক্ষেপ করার কারণেই পুরো বাড়িতে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, ওই বাড়িটি কোনো পরিত্যক্ত স্থান বা গবাদি পশুর থাকার জায়গা ছিল না; সেখানে মানুষ বসবাস করত। এমনকি গত রাতেও কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজনরা সেখানে অবস্থান করছিলেন। তাঁর দাবি, সঠিক সময়ে পদক্ষেপ না থাকলে গত রাতে প্রাণহানির ঘটনা ঘটতে পারত। এছাড়া নুসরাত তাবাসসুম গত কয়েকদিন ধরে ফোনে বিভিন্ন হুমকি পাচ্ছিলেন এবং এ বিষয়ে তিনি জিডি (সাধারণ ডায়েরি) করেছিলেন। ফলে এই অগ্নিকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় পতিত ফ্যাসিস্ট শক্তির যেই উল্লাস আমরা দেখেছি এই ঘটনাকে কেন্দ্র করে এবং কুষ্টিয়া জেলার আওয়ামী লীগ, তারা নিজেরাই এই দায় স্বীকার করেছে। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাদের দায়মুক্তি দিচ্ছেন এই সংসদে এসে।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে, কত ঘণ্টার মধ্যে দোষীদেরকে উনি শনাক্ত করে গ্রেপ্তার করবেন এবং বিচার করবেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি এসে পুরো ডিনায়াল মোডে গেলেন এবং এই ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন।’

নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে দাবি করেন, গণঅভ্যুত্থানের নেত্রী এবং বিরোধী দলের একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানো হলে সরকারের ভূমিকা কেমন হয়, তা আজ বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করল।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি তথ্যসমৃদ্ধ স্টেটমেন্ট দিয়েছি। কালকে রাত্রে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ বললেন, আগুন লাগানো হয়েছে। তা তদন্ত কি শেষ হয়ে গেল মাননীয় স্পিকার?’

স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রশ্নে বিরোধী দলের সদস্যরা পুনরায় হইচই শুরু করেন। তাঁদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দয়া করে আমি কথা বলার সময় যদি একটু শুনেন খুশি হব। আপনারা পরে বক্তব্য রাখতে চাইলে স্পিকারের অনুমতি নিয়ে বলতে পারবেন।’

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় ঘটনার বিবরণ দিয়ে জানান যে, প্রাথমিক তদন্তে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই কথা শুনে বিরোধী দলের সদস্যরা আবারও তীব্র প্রতিবাদ জানান এবং হইচই শুরু করেন। এসময় সরকারি দলের কিছু সদস্যও হট্টগোলে যোগ দেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা চাইলে আমি বক্তব্য বন্ধ করতে পারি।’

ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রীকে বক্তব্য চালিয়ে যাওয়ার অনুরোধ জানালেও বিরোধী দলের সদস্যদের হট্টগোল থামানো সম্ভব হয়নি। ডেপুটি স্পিকার বিরোধী দলীয় চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে চরম বিশৃঙ্খলার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে না পেরে বসে পড়েন। এই সময়ে এনসিপির আব্দুল হান্নান মাসউদ এবং মাহমুদা আলম মিতুসহ বেশ কয়েকজন সদস্য মাইক ছাড়াই কথা বলতে থাকেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল বারবার হান্নান মাসউদকে বসার অনুরোধ করে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন। ওঁনাকে বক্তব্য দানে বাধা প্রদান করা কোনো অবস্থাতেই উচিত না। আপনারা বসেন, প্রয়োজনে আপনি আবার বলবেন।’

পরবর্তীতে পুনরায় বক্তব্য শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী ওই বাড়িতে ছাগল থাকার প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি বলেন, এই বাড়িতে দুইটা ছাগল থাকত। এবং ছাগলগুলোর.।’ এই কথাটি বলার সাথে সাথেই বিরোধী দলের সদস্যরা পুনরায় হইচই শুরু করেন।

পরিশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোথাও পেট্রোল বোমা যদি নিক্ষেপ করা হয় সেখানে একটা চিহ্ন থাকবে। সেটা আপনারা তদন্ত করেন। অন্য কোনোভাবে যদি কোনোভাবে আগুন লাগানো হয় সেটা তদন্তের পরে বলা যাবে।’ তিনি আরও বলেন, একটি দুঃখজনক ঘটনা ঘটেছে এবং যদি এখানে কোনো নাশকতা বা আগুন লাগানোর ঘটনা থাকে, তবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি যদি দুর্ঘটনা হয়ে থাকে, তবে তা তদন্ত রিপোর্টের পর জানা যাবে। সরকারকে দোষারোপ করা সমীচীন নয় বলে তিনি তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যের শেষ পর্যায়ে বলেন, ‘আমরা কাউকে দোষারোপ করতে চাই না। এখানে যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, যদি ফ্যাসিবাদের দোসররা কোনোভাবে এখানে জড়িত হয়ে থাকে সেটাও ফাইন্ড আউট হবে। কিন্তু আমি ঢালাওভাবে আগের কালচারের মতো বলতে চাই না এখানে ওই ওই ওই জড়িত।’