সীমান্তের ওপারের পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য গোপালগঞ্জবাসির প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেন।
গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকেন। কিছু দুষ্কৃতিকারী, সীমান্তের ওপাড় থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের পাতা ফাঁদে পা দেবেন না।’
নিষিদ্ধ সংগঠনের সৃষ্ট নৈরাজ্যের বিষয়ে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদ তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘এগুলো আওয়ামী চরিত্র। তাদের মধ্যে সভ্যতা নেই, ভব্যতা নেই, ভদ্রতা নেই, গণতন্ত্র নেই। তাদের চরিত্রে কেবল আছে স্বৈরাচার, ফ্যাসিবাদী আচরণ। এগুলো তারা করেই যাবে।’
এদিকে, মাইকে ঘোষণা দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় যে হামলা চালানো হয়েছে, সেই ঘটনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘দুষ্কৃতিকারীরা যদি ভাবে, তাদের ভিডিও রেকর্ড, ফুটেজ আমাদের কাছে নেই, তারা ভুল করবেন। যারা থানায় হামলা করেছে, গাড়ি জ্বালিয়েছে, নৈরাজ্য সৃষ্টি করেছে; আজ অথবা কাল প্রত্যেকটা দুষ্কৃতিকারীকে শনাক্ত করে আইনের হেফাজতে নেওয়া হবে।’
যুক্তরাজ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলা চেষ্টার ঘটনাতেও প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তার (নাহিদ ইসলাম) ওপরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কিছু কুচক্রী সন্ত্রাসী হামলার চেষ্টা করছে। আমরা সংসদ থেকে এর গভীর নিন্দা জানাই। ওই দেশে যথাযথ প্রক্রিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দূতাবাস এবং সেই দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।’