নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ করা হয়েছে। উত্তেজিত জনতা লাঠিসোঁটা নিয়ে এই হামলা চালায়। তবে থানায় আগুনের খবর পাওয়া সত্ত্বেও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বিডিনিউজকে বলেন, ‘আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।’
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় লোকজনকে জড়ো করেন। এরপর তারা লাঠিসোঁটা নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন এবং থানা ভবন ও চত্বরে রাখা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। জানা গেছে, একপর্যায়ে থানা থেকে গ্রেপ্তার করা কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম জানান, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার খবর তিনি পেয়েছেন। তবে থানা থেকে কোনো অস্ত্র লুট হয়েছে কি না, সে বিষয়ে তিনি কোনো নিশ্চিত তথ্য পাননি।
এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। পরবর্তীতে গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা জানান যে, পরে কথা বলবেন এবং দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করেন।