পটুয়াখালী জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কাজী আলমগীরের তিনতলা বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌরসভার পৌর পার্কসংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের ফলে বাড়িটির নিচতলা ও দোতলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কাজী আলমগীর তার পরিবারসহ আত্মগোপনে রয়েছেন। সেই সময় থেকে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা পড়ে ছিল। বুধবার রাত ১০টার দিকে হঠাৎ বাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।
তবে ঘটনার পর ফায়ার সার্ভিসের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। তাদের অভিযোগ, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কে বা কারা এই পরিকল্পিত অগ্নিসংযোগ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ফায়ার সার্ভিস ও সদর থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।