কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দ্বারা গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। এই হামলায় থানা ভবনে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। এসময় থানার ভেতরে থাকা পুলিশের সরকারি গাড়ি ও অন্যান্য ১০টি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পুরো গোপালগঞ্জ জেলাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এই কর্মসূচির প্রভাবক হিসেবে জেলার বিভিন্ন স্থানে হামলা, লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে।

মুকসুদপুর থানায় এই হামলা ও অগ্নিসংযোগের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, থানায় আগুন দেওয়ার পর নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেলফি তুলছেন এবং ভিডিও করছেন। ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, “দে দে, জয় বাংলা করে দে।. এই যে মুকসেদপুর থানা! মুকসেদপুর থানা জয় বাংলা করে দেওয়া হয়েছে।” ভিডিওতে দেখা যাচ্ছে, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের পর উপস্থিত নেতা-কর্মীরা চরম উচ্ছ্বাস প্রকাশ করছেন।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, কয়েক শ নেতা-কর্মী থানায় প্রবেশ করে চত্বরে রাখা সব গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। তাঁরা থানার প্রতিটি কক্ষের ভেতর ব্যাপক ভাঙচুর চালান এবং নিচতলা ও দোতলা—সবখানেই আগুন ধরিয়ে দেন।

ঘটনার দুই ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও সেখানে আগুন জ্বলছিল, তবে আগুন নেভাতে ফায়ার সার্ভিস বা অন্য কোনো উদ্ধারকারী দলের উপস্থিতি দেখা যায়নি।

স্থানীয় সাংবাদিক এবং এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকেই মুকসুদপুর থানা ভবনে কোনো পুলিশ সদস্য অবস্থান করছিলেন না। এই সুযোগে বৃহস্পতিবার দুপুর ১২টায় লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা থানায় আক্রমণ করেন। এরপর তাঁরা থানা ভবনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এসময় পুলিশের সরকারি গাড়ির পাশাপাশি বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনেও আগুন দেওয়া হয়, যার ফলে মোট ১০টি যানবাহন পুড়ে যায়।

ঘটনা প্রসঙ্গে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, “থানায় আগুন দেওয়া হয়েছে। সেখানে কয়েকটি গাড়ি পোড়ানো হয়েছে। কিছু মোটরসাইকেলও পুড়ে একদম ছাই হয়ে গেছে। কতগুলো যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে তার সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পুলিশ সদস্যদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

তিনি আরও জানান, থানা ভবনে ব্যাপক ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়া উপজেলার তিনটি গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। সেখানে তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। একপর্যায়ে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের কোর্ট এলাকা থেকে কাঁচাবাজার পর্যন্ত মানুষের ব্যাপক ভিড় জমে। অনেকের হাতে রামদা, চায়নিজ কুড়াল, লাঠি, বইঠা, ঢাল ও সড়কির মতো দেশীয় অস্ত্র থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে দুপুর ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এর আগে বেলা ১১টার দিকে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়ি এবং তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। শহরের পোস্ট অফিস মোড় এলাকায় ‘এফএনএফ’ নামের একটি সুপারশপেও হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

দুপুর ১২টায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতেও বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়।

এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের শহরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গত মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ায় সাবেক সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।