পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে পারবে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তাঁর মতে, এই গোষ্ঠীটি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করার যাবতীয় বৈধতা হারিয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের এক অধিবেশনে কথা বলার সময় তিনি এই কঠোর মন্তব্য করেন।
সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ গত ১৬ বছর দেশে অগণতান্ত্রিক শাসন চালিয়েছে, গণহত্যা করেছে এবং গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রে গণতন্ত্র নেই। দেশের মানুষের কাছে তারা রাজনৈতিক বৈধতা হারিয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন যে, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি এবং অন্যান্য নেতাকর্মীরা বর্তমানে সীমান্তের ওপার থেকে ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির উসকানি দিচ্ছেন। এমনকি দেশের বিভিন্ন গ্রামে আগুন দেওয়ার নির্দেশনাও দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদ সদস্যের বাসভবনে আক্রমণ এবং বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, “গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ এবং বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ। আগুন লাগানো ও মানুষ পুড়িয়ে হত্যা তাদের পুরোনো অভ্যাস।”
বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, সরকার কোনোভাবেই আওয়ামী লীগের মতো আচরণ করতে ইচ্ছুক নয়। টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করার জন্য ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সংগ্রহ করা হয়েছে এবং তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
সীমান্তের ওপারের প্ররোচনায় যেন গোপালগঞ্জের মানুষ বিভ্রান্ত না হন, সেই আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকেন। কিছু দুষ্কৃতিকারী, সীমান্তের ওপাড় থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের পাতা ফাঁদে পা দেবেন না।”
নিষিদ্ধ সংগঠনের দ্বারা সৃষ্ট নৈরাজ্যের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এগুলো আওয়ামী চরিত্র। তাদের মধ্যে সভ্যতা নেই, ভব্যতা নেই, ভদ্রতা নেই, গণতন্ত্র নেই। তাদের চরিত্রে কেবল আছে স্বৈরাচার, ফ্যাসিবাদী আচরণ। এগুলো তারা করেই যাবে।”
অন্যদিকে, যুক্তরাজ্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলা চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “তার (নাহিদ ইসলাম) ওপরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কিছু কুচক্রী সন্ত্রাসী হামলার চেষ্টা করছে। আমরা সংসদ থেকে এর গভীর নিন্দা জানাই।” এই ঘটনায় সংশ্লিষ্ট দেশে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন তিনি।