দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে এই মশাল মিছিলের যাত্রা শুরু হয়। মিছিলটি পুরানা পল্টন ও নাইটিংগেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় আল রাজি কমপ্লেক্সের সামনে এসে পৌঁছায় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
উক্ত সমাবেশে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন অভিযোগ করেন যে, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, "বিএনপি, গণঅধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাসা বাড়িতে আগুন দিচ্ছে, লুটপাট করছে, বাসে আগুন দিচ্ছে-এগুলো তাদের পুরাতন রাজনীতির বহিঃপ্রকাশ।"
তিনি আরও উল্লেখ করেন যে, গোপালগঞ্জে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের বাসাবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের এই সন্ত্রাস মোকাবিলা করার আহ্বান জানায় গণঅধিকার পরিষদ। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনি গোপালগঞ্জের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন এবং বিশেষ বাহিনীর মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনেন।"
অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুজ জাহের এক গুরুতর অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, "ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের পর পরই আওয়ামী লীগ নৈরাজ্য শুরু করেছে এবং আওয়ামী লীগের বিষয়ে জামায়াত ইসলামীর নীরবতার বিষয়ে জনগণের মাঝে নতুন করে প্রশ্ন জেগেছে।"
আব্দুজ জাহের আরও বলেন, "গোপালগঞ্জে আওয়ামী লীগ বিএনপির পার্টি অফিস থেকে শুরু করে বিএনপি নেতাকর্মীদের ঘর বাড়িতে আগুন দিয়েছে, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি থেকে শুরু করে সাধারণ নেতাকর্মীদেরও ঘর বাড়িতে আগুন দিয়েছে।"
তিনি দাবি করেন, গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিষয়ে আওয়ামী লীগের সহমর্মিতার কারণে সাধারণ মানুষ একটি গোপন আঁতাতের সন্দেহ করছে। তিনি সতর্ক করে বলেন, "আওয়ামী লীগের বিষয়ে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় কেউ ভালো থাকতে পারবে না।"
পুরো কর্মসূচিটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইউনুস গাজী। সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, নারী অধিকার পরিষদের আহ্বায়ক সংগীতা হক, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুমন এবং মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।