চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বুধবার রাতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে রাজপথে নেমেছে বিএনপির নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে এই বিক্ষোভ মিছিলের সূচনা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি কাজীর দেউড়ি মোড় থেকে শুরু হয়ে জামালখান হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারী বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলে তীব্র স্লোগান দেন। এসময় তারা ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে শিক্ষার্থী ও শিশুদের হত্যার অভিযোগ উত্থাপন করেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

সমাবেশে বক্তব্য প্রদানকালে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, “নগরের শান্তিশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করে যাব। প্রতিটি ওয়ার্ডে এ ধরনের শান্তি মিছিল করা হবে।”

তিনি আরও দাবি জানান যে, যারা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

সমাবেশ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, বুধবার রাতে চট্টগ্রামের নিউমার্কেট, জিইসিিসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১১টার দিকে সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনুসের বাড়িতে এবং এর কিছুক্ষণ পর জিইসি মোড়ে গণপূর্তের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এসব সহিংস ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।