দেশজুড়ে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের ধারাবাহিক পেট্রোল বোমা নিক্ষেপ, আগুন সন্ত্রাস, নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা, থানায় অগ্নিসংযোগ এবং একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি অসংখ্য রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা এই কর্মকাণ্ডকে পতিত ও পলাতক ফ্যাসিবাদী শক্তির নাশকতা হিসেবে অভিহিত করেছে।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রেরিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে, জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ছাত্র-জনতার কাছে পরাজিত ও বিতাড়িত হয়ে আওয়ামী লীগ এখন দেশকে অস্থিতিশীল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, “আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, এই পুরো সন্ত্রাসবাদী ও নাশকতামূলক কার্যক্রমের পরিকল্পনা, অর্থায়ন এবং পরিচালনা সরাসরি ভারতে অবস্থানের মাধ্যমে সম্ভব হচ্ছে। ভারতে আশ্রয়প্রাপ্ত এবং ভারতীয় মদদে থাকা আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনলাইনে দেওয়া প্রকাশ্য নির্দেশেই দেশের ভেতরে এই নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কবলে পড়েছে দেশের একমাত্র নোবেল পুরস্কার জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। প্রতিষ্ঠানটির অন্তত ৩৭টি শাখায় সিরিজ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, যার উদ্দেশ্য বলে এনসিপি মনে করে—দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার এক গভীর ষড়যন্ত্র। দরিদ্র নারীদের ক্ষুদ্রঋণ প্রদানকারী এই সংস্থাটি বাংলাদেশের একটি সম্পদ। এই ধরনের হামলা ও অগ্নিসংযোগের ফলে দেশের দরিদ্র পরিবারগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি, বৈশ্বিক দাতা সংস্থা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে এই বার্তা যাচ্ছে যে, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নেই, যা অত্যন্ত অশুভ লক্ষণ।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব। তাই চলমান এই আগুন সন্ত্রাস ও নাশকতা কঠোর হস্তে দমন করে অবিলম্বে জনমনে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। একই সাথে, বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে এই সন্ত্রাস পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ের আওয়ামী নাশকতাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে।
এনসিপি মনে করে, দেশের মানুষের জানমাল এবং সরকারি-বেসরকারি স্থাপনা যখন এভাবে আক্রান্ত হচ্ছে, তখন সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারে না। বিবৃতিতে উল্লেখ করা হয় যে, জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলের অন্তত দুইজন সংসদ সদস্যের বাড়ি আগুন সন্ত্রাসের শিকার হয়েছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডটি জাতীয় সংসদ ও বাংলাদেশের সার্বভৌম অস্তিত্বকে অস্বীকার করে সংঘটিত হচ্ছে বলে দাবি করা হয়।
পরিশেষে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেকোনো মূল্যে আইনানুগ পন্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে নির্বাচিত সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।