ফ্যাসিবাদী শক্তি হিসেবে চিহ্নিত এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক পেট্রলবোমা নিক্ষেপ, অগ্নিসন্ত্রাস, নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি স্পষ্টভাবে জানিয়েছে যে, সন্ত্রাসবাদী সংগঠন আওয়ামী লীগের এই ধারাবাহিক অগ্নিসন্ত্রাস, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন, মানুষ হত্যা এবং গ্রামীণ ব্যাংকের ওপর চালানো সিরিজ হামলাগুলো কঠোরভাবে দমন করা প্রয়োজন।

আজ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত হয়েছে এনসিপি। দলটি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

এনসিপির বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে, এই অরাজকতার পেছনে বহিঃশক্তির প্রভাব রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতে আশ্রয়প্রাপ্ত এবং ভারতীয় মদদে থাকা আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনলাইনে দেওয়া প্রকাশ্য নির্দেশেই দেশের ভেতরে এই নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।’

সন্ত্রাসীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মুখে দেশের একমাত্র নোবেল পুরস্কারজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও নিরাপদ নয় বলে উল্লেখ করেছে এনসিপি। দলটির দাবি, প্রতিষ্ঠানটির অন্তত ৩৭টি শাখায় সিরিজ হামলা চালানো হয়েছে, যার উদ্দেশ্য হলো দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার একটি গভীর ষড়যন্ত্র। এই ধরনের হামলা ও অগ্নিসংযোগের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের দরিদ্র পরিবারগুলো। একই সঙ্গে বৈশ্বিক দাতা সংস্থা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে ‘বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নেই’—এমন একটি নেতিবাচক ও অশুভ বার্তা পৌঁছে যাচ্ছে।

চলমান এই অগ্নিসন্ত্রাস ও নাশকতা কঠোর হস্তে দমন করে দ্রুত জনমনে নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছে দলটি। পাশাপাশি, বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের সন্ত্রাস পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগত কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। মাঠপর্যায়ের আওয়ামী নাশকতাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার ওপরও জোর দিয়েছে এনসিপি।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলের অন্তত দুজন সংসদ সদস্যের বাড়ি অগ্নিসন্ত্রাসের শিকার হয়েছে। এনসিপির মতে, এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো জাতীয় সংসদ এবং বাংলাদেশের সার্বভৌম অস্তিত্বকে অস্বীকার করে সংঘটিত হচ্ছে।