সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে হয়ে থাকতে পারে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি স্পষ্ট করে বলেন, অধিকতর তদন্তের মাধ্যমে যদি কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে সরকার সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান। তিনি জানান, ওই সংসদ সদস্যের বাড়িতে আগুনটি নিজে নিজেই লেগেছে নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগিয়েছে, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “এখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন যে, বাড়ির ইলেকট্রিক ওয়্যারিং পুরোনো হওয়ার কারণে সেখানে বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের আগে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন যে, চারটি পেট্রলবোমা নিক্ষেপের মাধ্যমে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগানো হয়েছে।
চিফ হুইপের অভিযোগের প্রেক্ষিতেই সংসদে বিস্তারিত বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিজিবি, ফায়ার সার্ভিস, প্রশাসন ও পুলিশ যৌথভাবে এই তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।
বিজিবির প্রাথমিক প্রতিবেদনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আলামত, স্থানীয় ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—সবার সঙ্গে আলোচনা করে যেটা মূল্যায়ন—পেট্রলবোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রলবোমার আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সাক্ষ্যের কাছ থেকে পেট্রলবোমার কোনো তথ্য পাওয়া যায়নি। মোটামুটিভাবে এখনো ধারণা করা হচ্ছে, এখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ছবি, অডিও এবং ভিডিওসহ যাবতীয় আলামত বিশ্লেষণ করে প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় ইলেকট্রিক ওয়্যারিংয়ে দুর্বলতা ছিল। তিনি বলেন, “একটা ছবিতে দেখা যাচ্ছে, এটা অনেকটা শর্টসার্কিটের মতো ঘটনা হতেও পারে। এটা অনুমাননির্ভর। তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।”
ঘটনার বিবরণ দিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধা পাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ওই বাড়িটি থেকে ২০ মিটার দূরত্বে একটি তিনতলা বাড়িতে তাঁর মা ও বাবা অবস্থান করেন।
আগুনের ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই বাড়িতে সাধারণত কেউ থাকে না; সেখানে দুটি ছাগল এবং কিছু জিনিসপত্র ছিল। তিনি জানান, ঘটনাটি সরজমিনে পরিদর্শন করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার এবং থানার ওসি গিয়েছিলেন। এছাড়া আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কথা বলে এসপি-কেও সেখানে পাঠিয়েছেন এবং বিজিবির একটি টিমও ঘটনাস্থলে গিয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, ফায়ার সার্ভিস ট্রিপল নাইনে খবর পাওয়ার পরপরই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা হয়। ইতিমধ্যে এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে এবং সেই জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।