কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
আজ রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নিজের এই উদ্বেগের কথা তুলে ধরে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বক্তব্যের এক পর্যায়ে তিনি নিজের নিরাপত্তা, পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং জুলাই গণ–অভ্যুত্থানের অগ্রভাগে যারা ছিলেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
নুসরাত তাবাসসুমের এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গত বৃহস্পতিবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি চূড়ান্ত বা কনক্লুসিভ কিছু বলেননি। প্রাথমিক তদন্তের তথ্যের ভিত্তিতে তিনি কেবল ধারণার কথা উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন যে, তদন্ত শেষ হলে বিস্তারিত জানাতে পারবেন। তিনি আরও জানান, আগামীকাল এই বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর রাতে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন এই বিষয়টি নিয়ে সংসদে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিরোধী দলগুলোর দাবি ছিল, চারটি পেট্রল বোমা নিক্ষেপের মাধ্যমে আগুন লাগানো হয়েছিল। তবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বলেছিলেন, সেখানে পেট্রল বোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। তাঁর মতে, ইলেকট্রিক ওয়্যারিং পুরোনো হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে অধিকতর তদন্তে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে তিনি জানিয়েছিলেন।
আগুনের ঘটনার কথা স্মরণ করে আজ সংসদে নুসরাত তাবাসসুম বলেন, ‘এই আগুন সন্ত্রাসের ঘটনায় আমি আসলে দুইবার আহত হয়েছি। প্রথমবার আমি যখন দেখেছি যে আমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আর দ্বিতীয়বার যখন আমি দেখেছি, এই মহান জাতীয় সংসদে আমার শ্রদ্ধাভাজন সহকর্মী ব্যক্তিরা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া নাশকতাকে লঘু করে দেখার বা দেখানোর চেষ্টা করেছেন।’
নুসরাত অভিযোগ করেন, তাঁর গ্রামের বাড়িটিকে বারবার পরিত্যক্ত বাড়ি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ওই ঘটনার সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে বিস্ফোরণের মতো পুরো আকাশ লাল হয়ে সারা বাড়িতে একযোগে আগুন জ্বলে ওঠে। বাড়ি থেকে নারী ও শিশুরা দৌড়ে বের হয়ে আসছিলেন এবং আগুনের ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন। কিন্তু সেই সময়েও বাড়ির দেয়ালের বৈদ্যুতিক বাতিটি জ্বলছিল।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দিকে ইঙ্গিত করে নুসরাত তাবাসসুম বলেন, এই চাক্ষুস প্রমাণ থাকা সত্ত্বেও তদন্ত চলাকালে বাড়িটিকে পরিত্যক্ত বা শর্টসার্কিটের ঘটনা বলে মন্তব্য করা তদন্তকে প্রভাবিত করতে পারে। উচ্চপদস্থ কর্তাব্যক্তির মুখ থেকে এ ধরনের ‘রেজাল্টের কথা’ এলে তদন্তকারী কর্মকর্তাদের মধ্যে কর্তাব্যক্তিকে খুশি করার জন্য সে ধরনের প্রতিবেদন তৈরির আশঙ্কা তৈরি হয়।
নুসরাত আরও বলেন, ‘আমি বলছি না যে এমন কোনো ঘটনা ঘটবে। কিন্তু আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে এই সংসদে দাঁড়িয়ে, তদন্ত চলাচল সময় যে ধরনের কথা হয়েছে তাতে সুষ্ঠু তদন্ত নিয়ে আমি সন্দিহান আছি।’
এনসিপির সংসদ সদস্য নুসরাত প্রশ্ন তোলেন, একটি ঘটনার পর যখন সন্ত্রাসীরা উল্লাস করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এসে দায় স্বীকার করে, তারপরেও তাদের দায় মুক্তি দেওয়া কতটা যুক্তিযুক্ত? তিনি আরও বলেন, তাঁর বাড়িতে যেভাবে আগুন দেওয়া হয়েছিল, একই কায়দায় আজ সারা দিন গোপালগঞ্জে বিএনপি, ছাত্রদল ও যুবদলের কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেই উল্লাস দেখা যাচ্ছে।
নিজেকে সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে দাবি করে নুসরাত তাবাসসুম বলেন, ‘আমার শুধু এতটুকু আফসোস যে শুধুমাত্র তদন্ত চলছে এটুকু বললেই হতো। এখানে কোনো দায় মুক্তি দেওয়ার কথা না বললেও চলত। আজকে কিন্তু আমরা দেখেছি যে আসলে কী শুরু হয়েছে। প্রকাশ্যে বলছে এনসিপি এবং বিএনপি তোমরা তোমাদের প্রাণ নিয়ে পালাও। টার্গেটে আসলে কারা? জুলাই যারা সম্মুখে ছিল তারা।’
নুসরাতের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১২ নভেম্বর তিনি সংসদে তথ্যবহুল ও সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছিলেন। নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামীকাল তাদের প্রতিবেদন পেশ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রাথমিক তদন্তের বরাতে তিনি বলেছিলেন যে বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং শর্টসার্কিটের সম্ভাবনা রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, যেকোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ এবং জানমালের ওপর যেকোনো ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং তা কঠোরভাবে দেখা হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘তারা (বিরোধী দল) একটু মনঃক্ষুণ্ন হয়েছে এ কারণে যে সেখানে একটা ছাগল মারা গিয়েছে, এটা সত্য, ওখানে গরুও ছিল বলে আমি শুনেছি। ওখান থেকে কোনো মানুষ বের হয়নি, এটা আমি তো অস্বীকার করি নাই। ওখানে মানুষ থাকতে পারে এবং ভিডিওটা তখনো পর্যন্ত আমি দেখি নাই। পরে আমি দেখেছি, একজন মহিলা তার বাচ্চা কোলে নিয়ে বের হচ্ছেন।’
নুসরাত তাবাসসুম রাজধানীর কলাবাগান থানায় জিডি করেছিলেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
তদন্ত প্রভাবিত করার জন্য তিনি সংসদে বিবৃতি দেননি বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (নুসরাত) যে বিবৃতিটা দিয়েছেন যে আমার স্টেটমেন্টের কারণে তদন্ত প্রভাবিত হতে পারে। এ প্রভাবিত শব্দটা আমার মনে হয় মাননীয় স্পিকার একটু এক্সপাঞ্জ করলে ভালো হয়।’
পরবর্তীতে স্পিকার হাফিজউদ্দিন আহমদ সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘তদন্ত প্রভাবিত হতে পারে’—এটি কোনো অসংসদীয় বক্তব্য নয় এবং একজন আক্রান্ত ব্যক্তির এমন আশঙ্কা থাকতেই পারে।
এরপর সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক পয়েন্ট অব অর্ডারে কথা বলতে দাঁড়ান এবং নুসরাত তাবাসসুমের বাবার নামে জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলার বিষয়টি উত্থাপন করতে চান। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে থামিয়ে দেন।
স্পিকার বলেন, ওই ঘটনায় নুসরাত তাবাসসুম একটি পক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্য একটি পক্ষ। এখানে একজন সংসদ সদস্যকে নিয়ে তৃতীয় পক্ষের কিছু বলা সমীচীন হবে না। মামলার বিষয়ে কোনো তথ্য থাকলে তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়ার পরামর্শ দেন স্পিকার।