কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগের প্রেক্ষিতে জাতীয় সংসদের ভেতরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। তিনি প্রশ্ন তুলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’
আজ বৃহস্পতিবার সন্ধ্যার আগে নুসরাত তাবাসসুম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই প্রতিক্রিয়া জানান। এর আগে আজ সংসদের অধিবেশনে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ঘটনার বিষয়ে একটি প্রশ্ন উত্থাপন করেন, যার জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সংসদে নাহিদ ইসলামের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বাড়িটিতে স্বাভাবিকভাবে আগুন লেগেছে নাকি কেউ পরিকল্পিতভাবে সেখানে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, বিজিবি, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে। তবে ঘটনাস্থলে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক ধারণা অনুযায়ী, বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এর বৈদ্যুতিক ওয়্যারিং পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর নুসরাত তাবাসসুম ফেসবুকে দেওয়া তাঁর পোস্টে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে লেখেন, ‘বাচ্চাসহ ৬–৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিল স্বরাষ্ট্র মন্ত্রী!! পেট্রলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!! আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারো বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে!! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েকগুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।’
নুসরাত তাবাসসুম বিশ্বাস করেন যে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকরাই তাঁর বাড়িতে এই হামলা চালিয়েছে। এই বিশ্বাসের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন? আমার ৭ জন ঘুমিয়ে থাকা বাড়ি যদি পরিত্যক্ত হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, ফার্মগেটের বাস কিংবা কমলাপুরের রেলস্টেশনও কি পরিত্যক্ত? ছিহ!’