জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসভবন পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় সংসদীয় দলের সদস্যরা। আজ শুক্রবার বেলা তিনটায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তারা একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।
আজ শুক্রবার সকালে মুক্তকণ্ঠকে এই খবরের বিস্তারিত জানান এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। তিনি জানান, বিরোধীদলীয় সংসদীয় দলের এই প্রতিনিধি দলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য আবদুল গফুর অন্তর্ভুক্ত রয়েছেন।
গত বুধবার রাত সোয়া ১২টার দিকে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নুসরাত তাবাসসুম নিজেই বাদী হয়ে গতকাল রাতে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় আটজন ব্যক্তির নাম নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে এবং আরও ২৫-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযুক্ত হিসেবে যাদের নাম এসেছে তারা হলেন— নিষিদ্ধ ছাত্রলীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর আহসানুল ইসলাম ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, “২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারকে হত্যার পরিকল্পনা করছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছিলেন। এরই জেরে পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তাঁর মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।”