জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। এই ঘটনার পর নুসরাত তাবাসসুম দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেছেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’
গতকাল বুধবার দিবাগত রাত ১টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এই কথা জানান। নুসরাত তাবাসসুম বর্তমানে এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় নাগরিক পার্টির নেতাদের অভিযোগ, গতকাল দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত নুসরাতের গ্রামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে নুসরাত তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন যে, বাড়িতে পেট্রোলবোমা মারা হয়েছে। তবে কারা এই হামলাটি চালিয়েছে, তা তিনি জানেন না। তিনি আরও বলেন, এভাবে কণ্ঠ রোধ করা যাবে ভেবে থাকলে তা ভুল।
নুসরাত তাঁর পোস্টে লিখেছেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে একাধিক ছবি সংযুক্ত করে নুসরাত ফেসবুকে আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি অত্যন্ত আবেগঘন হয়ে জানান, তাঁর দাদার বানানো বাড়িঘর এবং তাঁদের শৈশবের স্মৃতিবিজড়িত স্থানটি পুড়ে গেছে। এমনকি আগুনে ছাগলের ছানাও পুড়ে খাক হয়ে গেছে।
এই দ্বিতীয় পোস্টে নুসরাত আরও লিখেছেন, ‘আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল! যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি। এসব করে কি আর করবে!’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন মুক্তকণ্ঠকে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। পুলিশ সুপার জানান, একতলা টিনশেড বাড়িটির মোট আটটি কক্ষের মধ্যে পাঁচটি কক্ষ পুড়ে গেছে এবং দুটি ছাগল আগুনে মারা গেছে।