জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সতর্ক করে বলেছেন যে, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও এর সাথে যুক্ত ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানাচ্ছে ফ্যাসিস্ট সন্ত্রাসী শক্তি। তিনি মনে করেন, এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রভাব সবার ওপরই পড়বে। এই বিষয়ে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’
গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এই উদ্বেগের কথা ব্যক্ত করেন। বর্তমান সরকার ও প্রশাসনের ওপর আস্থা হারিয়ে তিনি উল্লেখ করেন যে, সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার সক্ষমতা প্রশাসনের নেই। এই পরিস্থিতির প্রেক্ষিতে তিনি লিখেছেন, ‘আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।’
নাহিদ ইসলাম তাঁর পোস্টে আরও অভিযোগ করেন যে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, বরং তারা দিল্লির আশ্রয়, প্রশ্রয় এবং ইন্ধনে কাজ করছে। তাঁর দাবি, এই জুলাইবিরোধী শক্তিগুলো বাংলাদেশকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে এবং দেশের ভেতরে নাশকতা চালানোর পর সীমান্ত পেরিয়ে ওপারে আশ্রয় নিচ্ছে। তবে এই বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা করার দৃঢ় প্রত্যয় জানিয়ে তিনি লিখেছেন, ‘ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো।’
এদিকে, জাতীয় নাগরিক পার্টির নেত্রী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির শীর্ষ নেতারা। গতকাল দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত নুসরাতের পৈতৃক বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উল্লেখ্য, নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এনসিপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়েছে যে, আওয়ামী সন্ত্রাসীরাই তাঁর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও তাঁর ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুমের বাড়িতে এই পেট্রলবোমা হামলার ঘটনার কথা নিশ্চিত করেছেন।