সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই আকস্মিক হামলায় তাঁর বাবা-মা এবং পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই সংসদ সদস্য।

বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নুসরাত তাবাসসুম নিজেই এই ভয়াবহ ঘটনার কথা জানান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

হামলাকারীদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

মুক্তকণ্ঠের সাথে আলাপকালে নুসরাত তাবাসসুম জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত তাঁর গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এই অগ্নিকাণ্ডে তাঁর বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা আহত হয়েছেন।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এই ঘটনার বিষয়ে কথা বলে জানান, তাদের ধারণা নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীরাই এই হামলাটি চালিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি মুক্তকণ্ঠকে জানান, ‘এটি গরু রাখার স্টোরজাতীয় একটি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ওই ঘরের মধ্যে গরু ছিল। সেগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে।’