জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ায় অবস্থিত পৈতৃক বাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তার প্রকৃত কারণ উদঘাটনে গুরুত্ব দিয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। আগুনের সূত্রপাত পেট্রোল বোমা, বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো নাশকতা বা দুর্ঘটনার মাধ্যমে হয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে কমিটি। তদন্ত কমিটির একজন সদস্য মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক তদন্তের তথ্যের বরাত দিয়ে আজ শনিবার ওই কমিটির এক সদস্য জানান, ঘটনার রাতে রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে সিসিটিভি ফুটেজে আগুনের একটি স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল। শুরুতে ধারণা করা হয়েছিল যে ওই স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিস্তারিত পর্যালোচনায় দেখা গেছে, ওই স্ফুলিঙ্গটি দৃশ্যমান হওয়ার অনেক আগে থেকেই অল্প অল্প করে আগুন জ্বলছিল, যার ভিডিও ফুটেজ রয়েছে। ফলে ওই নির্দিষ্ট স্ফুলিঙ্গটি আগুনের মূল কারণ ছিল না; আগুন তার অনেক আগেই ধরেছিল।

বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে তদন্তকারী কর্মকর্তাটি বলেন, ‘তৃতীয়বার যখন দপ করে আগুন জ্বলে ওঠে, তখন বিদ্যুতের বাতি নেভে; কিন্তু তারও আগে থেকে আগুন লেগেছে। শর্টসার্কিটের কারণে আগুন লাগেনি।’

তদন্ত কমিটির প্রাথমিক ধারণা অনুযায়ী, বাড়ির একটি কক্ষে খড় রাখা ছিল। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে ওই খড়ে আগুন দিয়েছে অথবা কোনো দুর্ঘটনার কারণে এটি ঘটতে পারে। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।

গত শুক্রবার ও আজ শনিবার দুই দিন ধরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের ক্ষতিগ্রস্ত পৈতৃক বাড়িটি পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা। উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে দৌলতপুরের বাগোয়ান গ্রামে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার গুরুত্ব বিবেচনায় গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

কমিটির বাকি তিন সদস্য হলেন—বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। কমিটিকে তিন দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে তদন্ত কমিটির সদস্যরা ওই বাড়িতে পৌঁছান। তাঁদের সাথে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) ময়নুল হুদা। এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কমিটির সদস্যরা সেখানে অবস্থান করেন। তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেন এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির সদস্যরা পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে সাথে নিয়ে পোড়া বাড়ির প্রতিটি কক্ষ ঘুরে দেখেন। বিশেষ করে যেখানে বিদ্যুতের মিটার বসানো ছিল, সেই স্থান এবং বিদ্যুতের তারসহ অন্যান্য কারিগরি দিকগুলো তারা খতিয়ে দেখেন। আধা ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করার পর তাঁরা প্রস্থান করেন। তবে গণমাধ্যমের সামনে পল্লী বিদ্যুতের ওই কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই বিষয়ে যোগাযোগ করা হলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, ‘যেহেতু বিদ্যুতের লাইন পল্লী বিদ্যুতের, সে জন্য সেখানে একজন কর্মকর্তা গেছেন। আমি যাইনি। মিটারসহ অন্য বিষয়গুলো আবার দেখা হচ্ছে। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটিও ছিল।’

উল্লেখ্য, পৈতৃক বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। ওই মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা নেতাদের নাম উল্লেখ করা হয়েছে। তবে শনিবার পর্যন্ত পুলিশ মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম মুক্তকণ্ঠকে জানিয়েছেন, তদন্ত কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে। আগামীকাল (রোববার) চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে।