কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনের ঘটনায় বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে এবং সেখানে বসবাসকারী একটি অসহায় পরিবার তাদের সবটুকু সহায়-সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়েছে।
আক্রান্ত পরিবারের প্রধান শাহ আলম (৪৭) জানান, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “আমি মাস্টার সাহেবের (সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম) বাসায় থাকি। হঠাৎ রাত ১২টা ১০ মিনিটের পর বোমের মতো একটা শব্দ, তারপর আগুন জ্বইলি ওঠে। পাশের ঘরে আমার মেয়ের গায়ে আগুন খুইলি পড়িছে। মেয়ে জানতে পাইয়ি আমাদের তাড়াহুড়া কইরি বাইর করে।”
গত বুধবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পুড়ে যাওয়া পাঁচটি কক্ষের মধ্যে দুটি কক্ষে শাহ আলম তাঁর স্ত্রী আদুরী খাতুন (৩৯), ১৩ বছর বয়সী মেয়ে রিক্তা খাতুন এবং ৩ বছর বয়সী ছেলে আরিয়ানকে নিয়ে থাকতেন। এছাড়া আরেকটি কক্ষে স্যান্ডেল তৈরির প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল, যা আগুনের লেলিহান বস্তিতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
মুক্তকণ্ঠের সাথে আলাপকালে শাহ আলম জানান, তাঁর মেয়েই প্রথম আগুনের বিষয়টি বুঝতে পারে এবং দ্রুত সবাইকে সতর্ক করে। তিনি জানান, তাঁর মেয়ের ওড়না পুড়ে গিয়েছিল এবং মেয়েটি সবাইকে টেনে বের না করলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ওপরে হয়তো পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে শাহ আলম আক্ষেপ করে বলেন, “ঘরে ৫০–৬০ হাজার টাকা ছিল; কিচ্ছু বাইর করতি পারিনি। সব পুড়ি ছাই হয়ে গেছে। তিন–চার লাখ টাকার যন্ত্রপাতি ছিল, সব শ্যাষ। লেপ–তোশক সব শ্যাষ পুইড়ি। পিন্দনে খালি লুঙ্গিডা আছে। পরিবারের আর কিচ্ছু নাই।”
নিজের বর্তমান অসহায় অবস্থার কথা জানিয়ে তিনি আরও বলেন, “আমার বাড়িঘর নাই। নুসরাতের বাবা আমাদের এই ঘরে থাকতে দিছেন। ভাড়া নেয় না। চাল–ডাল দিয়ে সহযোগিতাও করে। এখন আর কিছুই নাই। কী করি খাব, সেই চিন্তা এখন।”
জানা গেছে, শাহ আলম আগে স্যান্ডেল তৈরি করে বিক্রি করতেন। বর্তমানে তিনি ব্যাটারিচালিত ভ্যানে করে বিভিন্ন গ্রামে ঘুরে ফল বিক্রি করে জীবনধারণ করেন।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এই ঘটনার কথা উল্লেখ করে বলেন, “এই বাড়িতে একটি অসহায় পরিবার থাকত; যারা আমাদের সাথে প্রায় পাঁচ-ছয় বছর ধরে আছে। তাঁরা আমাদের পরিবারেরই অংশ হয়ে গেছেন; তাঁরা আমাদের এই বাড়ি দেখভাল করতেন।”