কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখতে আরও সাত কর্মদিবস সময় চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে তদন্ত কমিটি। আগুনের প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে বিভিন্ন আলামত, প্রমাণ এবং ভিডিও ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করছে এই কমিটি।

রোববার (১৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তদন্ত কমিটির প্রধান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম এই তথ্য মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন।

ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা ছিল। তবে তদন্তের স্বার্থে আরও সাত কর্মদিবস সময় চেয়ে আবেদন করেছি। বিভিন্ন আলামত ও প্রমাণ যাচাই করা হচ্ছে। পাশাপাশি ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা ও যাচাই-বাছাই চলছে। সবকিছু বিশ্লেষণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।”

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ নভেম্বর) এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের একটি কমিটি গঠন করে। উক্ত কমিটিকে তিন দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিটি গঠনের দিনই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন কার্যক্রম চালান। সেই সময় তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং আগুন লাগার সম্ভাব্য কারণ ও ঘটনার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আহমেদ মাহবুব-উল-ইসলাম। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির বেশ কয়েকটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। এই ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি।