কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী এবং জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখতে মাঠে নেমেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত ওই বাড়িতে পরিদর্শনে যান কমিটির সদস্যরা।
তদন্ত কমিটির প্রধান এবং কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিস্তারিত জানিয়ে মাহবুব উল ইসলাম বলেন, “গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শুক্রবার প্রথম দিনের কাজ শুরু করা হয়েছে।”
তদন্ত কমিটির সদস্য হিসেবে আরও তিন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তাঁরা হলেন—বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর মোহাম্মদ আশরাফুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
সকালে পুড়ে যাওয়া বাড়িটি সরেজমিনে পরিদর্শন করেন কমিটির সদস্যরা। পরিদর্শনের সময় তাঁরা ওই বাড়ির বাসিন্দা শাহ আলম এবং নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের সাথে কথা বলেন এবং ঘটনার সময়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে তদন্তের প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়েছে। আগুনের সূত্রপাত ঠিক কী কারণে হতে পারে, সেই বিষয়গুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা। পুরো প্রক্রিয়া শেষে তাঁরা একটি আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করবেন।
উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে দৌলতপুরের বাগোয়ান গ্রামে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন নুসরাত তাবাসসুম। ওই মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।