এনসিপির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ায় অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে সরাসরি হামলা হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এই আক্রমণকে ‘কাপুরুষোচিত’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে এবি পার্টির মতে, একজন সংসদ সদস্যের বাসভবনে এ ধরনের হামলা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণতান্ত্রিক পরিবেশের ওপর এক সরাসরি আঘাত। হামলাকারী ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছে সংশ্লিষ্ট দল ও সংস্থাগুলো।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আজ বৃহস্পতিবার তাঁর ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘গতকাল (বুধবার) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এনসিপির নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানাই। এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর চড়া মূল্য দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু) এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক, ন্যক্কারজনক ও কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন। তাঁরা বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করা কেবল একটি পরিবারের ওপর হামলা নয়, বরং এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। বিবৃতিতে এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদী শক্তি পুনরায় অগ্নিসন্ত্রাস, নাশকতা এবং ভীতিকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাস ও ট্রেনে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালককে পুড়িয়ে হত্যা এবং বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে তারা মনে করে।

দেশের বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, এসব ঘটনার মাধ্যমে দেশজুড়ে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। বিবৃতিতে বলা হয়, নুসরাতের বসতভিটায় হামলা চালিয়ে পুড়িয়ে দেওয়া ছাড়াও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ১৮টি শাখায় হামলা করা হয়েছে। পতিত ও পলাতক ফ্যাসিস্ট দলটি দেশব্যাপী সহিংসতা ছড়াচ্ছে উল্লেখ করে অধিকার বলেছে, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তাদের এ ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।

নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এক বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিবাদী অপশক্তিকে কার্যকরভাবে মোকাবিলা করতে না পারলে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও তাদের মানসিকতা, সন্ত্রাসী নেটওয়ার্ক ও আধিপত্যবাদী অপশক্তি নির্মূলে সরকারের দৃশ্যমান ও কার্যকর উদ্যোগের অভাব অত্যন্ত উদ্বেগজনক।