জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা তদন্তে সেখানে পরিদর্শনে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রতিনিধিদলের চার সদস্য। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত ওই বাড়িটি ঘুরে দেখার পর প্রতিনিধিদলের সদস্যরা দাবি করেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা ঢাকতেই ‘শর্টসার্কিট ও পরিত্যক্ত বাড়ির মিথ্যা গল্পের’ আশ্রয় নেওয়া হয়েছে।
আজ শুক্রবার ঢাকা থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন প্রতিনিধিদলটি। এই প্রতিনিধিদলে এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ-৪) ও মাহমুদা আলম মিতু (সংরক্ষিত নারী আসন) এবং জামায়াতের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল (চুয়াডাঙ্গা-১) ও আবদুল গফুর (কুষ্টিয়া-২) উপস্থিত ছিলেন।
পুড়ে যাওয়া বাড়িটি পরিদর্শনের পর প্রতিনিধিদলের সদস্যরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, “নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনার পর তদন্ত হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বৈদ্যুতিক শর্টসার্কিটের কথা বলে দিচ্ছেন। মানুষজন থাকেন—এমন একটি বাড়িকে তিনি বলছেন পরিত্যক্ত বাড়ি। তদন্তের আগেই তিনি যদি শর্টসার্কিটের কথা বলেন, তাহলে তদন্ত প্রতিবেদনে কী আসবে, তা বোঝাই যায়। সংসদে দাঁড়িয়ে তিনি তা বলে দিয়েছেন। এখন সেটি স্থানীয় কর্মকর্তাদের লেখার বাকি। ফ্যাসিস্ট আমলের প্রবণতা এই নির্বাচিত সরকারের আমলেও দেখতে হবে, সেটি তাঁরা আশা করেননি।”
তিনি আরও জানান, বিরোধীদলীয় প্রতিনিধিদলের পক্ষ থেকে একটি বিস্তারিত পরিদর্শন প্রতিবেদন তৈরি করা হবে এবং তা পরবর্তীতে জনসমক্ষে প্রকাশ করা হবে।
অন্যদিকে, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য আবদুল গফুর তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তিনি অভিযোগ করেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম বলেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আর নিজের ব্যর্থতার দায় এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী এই হামলার ঘটনাকে লঘু করার চেষ্টা করেছেন।
সংবাদ সম্মেলনে নিজের বাড়ির অগ্নিসংযোগের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি এই ঘটনাকে ‘আওয়ামী লীগের কুকীর্তি’ হিসেবে অভিহিত করেন। নুসরাত জানান, গতকাল (বৃহস্পতিবার) থানায় মামলা করার সময় তিনি একজন আসামির অবস্থান ও মোবাইল নম্বরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) জানিয়েছিলেন। তিনি আশা করেছিলেন যে, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ফলাফল পাওয়া যায়নি।
নুসরাত তাবাসসুম বলেন, “কোনো দুর্ঘটনা কিংবা নাশকতার ঘটনা ঘটলে সেটি কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত—তদন্তের মূল গুরুত্ব হওয়া উচিত এসব বিষয়। কিন্তু সেদিকে গুরুত্ব না দিয়ে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি না, সেখানে মানুষ বসবাস করতেন কি না, তাঁরা কোন শ্রেণি-পেশার মানুষ, এমনকি সেখানে গরু নাকি ছাগল থাকত—এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এ ধরনের আলোচনার আমি নিন্দা জানাই।”
কোনো ধরনের আনুষ্ঠানিক তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে তদন্তের ফলাফল ঘোষণা করার মতো আচরণকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেন নুসরাত তাবাসসুম।
পুরো সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। অনুষ্ঠানে দলের সমাজকল্যাণ সম্পাদক শাকিল আহমেদ এবং সহ-যুব ও কর্মসংস্থান সম্পাদক ওয়াহিদুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।